নিজস্ব প্রতিবেদক, ডেইলি বরিশাল— প্রিন্ট: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ পিএম
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পিএম
প্রকৃতিতে এখন শরতের আবহ। নীল আকাশ, সাদা মেঘ আর মাঠজুড়ে দুলতে থাকা কাশফুলে চারপাশ যেন সেজেছে নতুন রূপে। শরতের এই সৌন্দর্য উপভোগ করতে অনেকেই ছুটছেন কাশবনে। সামাজিক যোগাযোগমাধ্যমেও সেই মুহূর্তের ছবি ও ভিডিওতে সরব হয়ে উঠেছে নেটদুনিয়া।
এই তালিকায় যুক্ত হয়েছেন অভিনেত্রী পূজা চেরীও। শরতের আমেজ উপভোগ করতে কাশবনে গিয়ে প্রকৃতির স্নিগ্ধতা মেখেছেন তিনি। সোমবার (২৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বেশ কিছু ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।
ছবিগুলোতে দেখা যায়, ফিরোজা রঙের শাড়িতে সেজে কাশবনে ঘুরছেন পূজা। কখনো কাশফুলের মাঝে দাঁড়িয়ে, আবার কখনো গাছের ছায়ায় প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে নিজেকে ক্যামেরাবন্দী করেছেন তিনি।
ছবির সঙ্গে শরৎকে ঘিরে নিজের অনুভূতিও প্রকাশ করেছেন পূজা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সাদা কাশের মেঘ, নীল আকাশ আর মায়ের আগমনের অপেক্ষা—শরৎ যেন নিজেই এক টুকরো পূজোর গল্প!’
শরৎ এলেই বাঙালির মনে জেগে ওঠে দুর্গাপূজার আমেজ। পূজার ক্যাপশনেও ফুটে উঠেছে সেই উৎসবের অপেক্ষা ও আনন্দের অনুভূতি। এদিকে কাশবনে অভিনেত্রীর এমন ছবি দেখে প্রশংসায় ভাসিয়েছেন তার ভক্ত-অনুরাগীরা।
কেউ মন্তব্য করেছেন, ‘সৌন্দর্যের কোনো সীমা নেই।’ আবার কেউ লিখেছেন, ‘কাশফুলের সৌন্দর্য শুধু পূজার জন্য।’ অনেকেই অভিনেত্রীকে জানিয়েছেন আগাম পূজার শুভেচ্ছা।






-6ab6c786d4aaf.jpg)