সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
১৯শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

আন্তর্জাতিক

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে লুলার চেয়ে এগিয়ে বলসোনারোর ছেলে ফ্লাভিও

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে লুলার চেয়ে এগিয়ে বলসোনারোর ছেলে ফ্লাভিও...

ফ
ফাতেমা খানম· আন্তর্জাতিক সংবাদদাতা
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, ৭:৪৩ এএমসর্বশেষ: ৫ অক্টোবর ২০২৬, ৭:৪৩ এএম
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে লুলার চেয়ে এগিয়ে বলসোনারোর ছেলে ফ্লাভিও

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটের প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছেন সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর ছেলে ফ্লাভিও বলসোনারো। প্রায় ৩২ শতাংশ ভোট গণনা শেষে ফ্লাভিও পেয়েছেন ৫০ দশমিক ৭৪ শতাংশ ভোট। বর্তমান প্রেসিডেন্ট ও বামপনন্থি প্রার্থী লুইজ ইনাসিও লুলা দা সিলভা পেয়েছেন ৪১ দশমিক ১৪ শতাংশ।

স্থানীয় সময় রোববার ভোট গ্রহণের পর বিকেল থেকে ফলাফল আসতে শুরু করে। এবার ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে মূল লড়াই হচ্ছে লুলা ও ডানপন্থি প্রার্থী ফ্লাভিওর মধ্যে।

চূড়ান্ত ফলাফল পেতে আরো সময় লাগবে। ব্রাজিলের দক্ষিণাঞ্চলের বলসোনারোপন্থি রাজ্যগুলোর ভোট আগে গণনা হচ্ছে। অন্যদিকে লুলার শক্ত ঘাঁটি উত্তর-পূর্বাঞ্চলের ভোট ধীরে গণনা হচ্ছে।

কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পেলে আগামী ২৫ অক্টোবর দ্বিতীয় দফার ভোট হবে। জনমত জরিপে সম্ভাব্য দ্বিতীয় দফায় লুলা ও ফ্লাভিওর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে।

নির্বাচনী প্রচারে দুর্নীতি, অর্থনীতি ও অপরাধের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া এবং পরিবারের ঋণের চাপ নিয়ে ভোটারদের মধ্যে উদ্বেগ রয়েছে। রাস্তায় অপরাধ ও সংঘবদ্ধ অপরাধী চক্রের তৎপরতাও উদ্বেগ বাড়িয়েছে।

লুলার সরকারের আমলে বৈষম্য ও বেকারত্ব কমেছে। তবে জীবনযাত্রার ব্যয় নিয়ে সমস্যায় থাকা ভোটারদের আস্থা অর্জনে তিনি হিমশিম খাচ্ছেন।

ফ্লাভিও জীবনযাত্রার ব্যয় নিয়ে মানুষের উদ্বেগকে কাজে লাগানোর চেষ্টা করেছেন। অন্যদিকে লুলা অনলাইন জুয়া নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছেন। পাশাপাশি কল্যাণমূলক সহায়তা বাড়িয়েছেন এবং পরিবারের ঋণের বোঝা কমানোর প্রস্তাব দিয়েছেন।

নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের অভিযোগও উঠেছে। লুলার মিত্ররা আশঙ্কা প্রকাশ করেছেন, তিনি জয়ী হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ফলাফল নাও মেনে নিতে পারে।

ট্রাম্প আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থীকে সমর্থন দেননি। তবে তিনি ফ্লাভিও বলসোনারোকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং প্রকাশ্যে তার প্রশংসা করেছেন।

নির্বাচনের আগে ব্রাজিলের গোয়েন্দা কর্মকর্তারা ফ্রান্স ও জার্মানির একটি প্রতিনিধিদলকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কথিত হস্তক্ষেপের বিষয়ে তথ্য দিয়েছিলেন। যুক্তরাষ্ট্র অবশ্য ব্রাজিলের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করেছে।

নির্বাচনী প্রচারে দুর্নীতির বিষয়টিও বড় হয়ে উঠেছে। বন্ধ হয়ে যাওয়া ব্যাংকো মাস্টারকে ঘিরে কেলেঙ্কারিতে দেশটির রাজনৈতিক অঙ্গনের অনেকেই জড়িয়ে পড়েছেন।

ব্যাংকটির সাবেক প্রধান ড্যানিয়েল ভোরকারোকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে কয়েক শ কোটি ডলারের জালিয়াতির অভিযোগ রয়েছে।

ফ্লাভিও বলসোনারোর সঙ্গে ভোরকারোর সম্পর্কও তদন্ত করা হচ্ছে। ফ্লাভিওর বিরুদ্ধে অর্থ পাচারের তদন্ত চলছে। তবে তিনি কোনো অন্যায় করার কথা নাকচ করে দিয়েছেন। তার বাবাকে নিয়ে একটি চলচ্চিত্র তৈরির জন্য ভোরকারোর কাছ থেকে কয়েক লাখ ডলার নেওয়ার কথা অবশ্য স্বীকার করেছেন ফ্লাভিও।

প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি রোববার ব্রাজিলের পার্লামেন্টের নিম্নকক্ষের ৫১৩টি আসন এবং সিনেটের দুই-তৃতীয়াংশ আসনেও ভোট হয়েছে। এসব নির্বাচনও গুরুত্বপূর্ণ। কারণ সাম্প্রতিক বছরগুলোতে দেশটির রাজনীতিতে কংগ্রেসের প্রভাব বেড়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ফ

ফাতেমা খানম

আন্তর্জাতিক সংবাদদাতা

আন্তর্জাতিক বিভাগের প্রধান সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ