লাখ লাখ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করাকে স্বেচ্ছাচারী পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া। রোববার হায়দরাবাদের নালসার আইন বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, যে পদক্ষেপ লাখ লাখ ভারতীয়কে ভোটাধিকার থেকে বঞ্চিত করে বা তাদের ‘নিজের দেশেই দ্বিতীয় শ্রেণির নাগরিক’ বানিয়ে দেয়, তা ‘স্বভাবতই স্বেচ্ছাচারী’।
বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া মনে করেন, এ বিষয়ে যে কোনো ধরনের ‘পাল্টা যুক্তি’কে সমর্থন করা যায় না। তার মতে, এ ধরনের প্রক্রিয়া সংবিধানের মূল ভিত্তিকে আঘাত করে। বিচারপতি জানান, ভোটাধিকারপ্রাপ্ত বা ভোটাধিকারবিহীন ভারতীয় সংবিধানে এ দুই ধারণার কোনো জায়গা নেই। অর্থাৎ, কোনো শ্রেণির ভোট দেওয়ার অধিকার আছে, আর এক শ্রেণির নেইÑএমন বিষয় সংবিধানে নেই। বিচারপতি ভূঁইয়ার মতে, ব্যাপক হারে ভারতীয়দের ভোটাধিকার থেকে বঞ্চিত করবে এমন যে কোনো প্রক্রিয়া ভারতীয় সংবিধানের ৩২৬ ও ১৪ নম্বর ধারা লঙ্ঘন করে।
বর্তমানে নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর আলোচনা ও সমালোচনা আরো বেড়েছে। এসআইআরের আওতায় ৩০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের খসড়া ভোটার তালিকা থেকে ১৩ কোটিরও বেশি নাম বাদ পড়েছে বলে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ অবস্থায় সুপ্রিম কোর্টের বিচারপতির মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। যদিও কমিশন বা এসআইআর প্রসঙ্গে কোনো উল্লেখ ছিল না বিচারপতির কথায়।



