ভিয়েতনামের হো চি মিন সিটিতে আবাসিক এলাকায় রাতের আঁধারে হানা দিয়ে প্রায় ২ হাজার ৭০০ বিড়াল চুরি করে জবাইয়ের জন্য নিয়ে যাওয়ার অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার পুলিশ ও দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
কথিত বিড়াল চোর চক্রটির বিরুদ্ধে তদন্ত চালিয়ে পুলিশ লোম ছাড়ানোর যন্ত্র, বিড়াল ধরার ফাঁদ, ওজন মাপার মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে। হ্যানয় থেকে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
ভিয়েতনামে কুকুর ও বিড়ালের মাংস খাওয়া আইনত নিষিদ্ধ নয়। দেশটির বিভিন্ন রেস্তোরাঁয় প্রকাশ্যেই এসব মাংসের প্রচার ও বিক্রি করা হয়। তবে ব্যবসায়ীদের পশুগুলোর উৎসের সনদ রাখার নিয়ম রয়েছে।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চুরি করা বিড়ালগুলো রেস্তোরাঁয় প্রতি কেজি অন্তত ৭০ হাজার ডং বা প্রায় ২ দশমিক ৭০ ডলারে বিক্রি করা হতো।
পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ১২ জন বিড়াল চুরি ও পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী, বিভিন্ন জাতের প্রায় ২ হাজার ৭০০ বিড়াল চুরি করে পাচার করা হয়েছে।
রোববার গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি মামলা প্রক্রিয়া শুরু হয়েছে।
এর আগে চলতি বছরের শুরুতেও হো চি মিন সিটিতে বিড়াল চুরির অভিযোগে পৃথক দুটি চক্রের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে ১৮ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।



