বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
২২শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

আন্তর্জাতিক

ইসরাইলের চাপে জেরুজালেম থেকে সরানো হলো ব্রিটিশ কনস্যুলেটের সাইনবোর্ড

ইসরাইলের চাপে জেরুজালেম থেকে সরানো হলো ব্রিটিশ কনস্যুলেটের সাইনবোর্ড...

ফ
ফাতেমা খানম· আন্তর্জাতিক সংবাদদাতা
প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬, ১২:৫০ পিএমসর্বশেষ: ৮ অক্টোবর ২০২৬, ১২:৫০ পিএম
ইসরাইলের চাপে জেরুজালেম থেকে সরানো হলো ব্রিটিশ কনস্যুলেটের সাইনবোর্ড

অধিকৃত পূর্ব জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধে ইসরাইলের দেওয়া ৩০ দিনের সময়সীমা শেষ হয়েছে। এর মধ্যেই ভবনটি থেকে ‘ব্রিটিশ কনস্যুলেট জেনারেল’ লেখা সাইনবোর্ড সরিয়ে নিয়েছেন কর্মীরা। কনস্যুলার বিভাগের আরেকটি ফলকও সরানো হয়েছে। তবে ভবনের ওপর যুক্তরাজ্যের পতাকা উড়তে দেখা গেছে।

বৃহস্পতিবার রয়টার্সের সাংবাদিকেরা এসব দৃশ্য দেখেন। গত মাসে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার কনস্যুলেটটি বন্ধের নির্দেশ দেন। যুক্তরাজ্যের আরোপ করা নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। নিষেধাজ্ঞার মধ্যে অবৈধ ইসরাইলি বসতিতে উৎপাদিত পণ্য আমদানিতে নিষেধাজ্ঞাও রয়েছে।

জাতিসংঘ ও অধিকাংশ দেশ এসব বসতিকে আন্তর্জাতিক আইনের অধীনে অবৈধ মনে করে। ইসরাইল অবশ্য এ অবস্থান প্রত্যাখ্যান করে।

ইসরাইলি গণমাধ্যমের অসমর্থিত প্রতিবেদনে বলা হয়েছে, কনস্যুলেট বন্ধ করা হলে ২৭ জন ইসরাইলি কূটনীতিককে বহিষ্কারের হুমকি দিয়েছে যুক্তরাজ্য। এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি কনস্যুলেট।

কনস্যুলেটটি চালু রাখার চেষ্টা করেছে যুক্তরাজ্য। গত সপ্তাহে দেশটির জাতীয় নিরাপত্তাবিষয়ক শীর্ষ উপদেষ্টা ইসরাইলে গিয়ে এ নিয়ে আলোচনা করেন। তবে ইসরাইল কনস্যুলেট বন্ধের সিদ্ধান্তে অনড় রয়েছে।

জেরুজালেমে যুক্তরাজ্যের কূটনৈতিক উপস্থিতি প্রায় ২০০ বছরের পুরোনো। ১৯৪৮ সালে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠারও আগে সেখানে ব্রিটিশ কনস্যুলেটের কার্যক্রম শুরু হয়।

শেখ জাররাহ এলাকায় অবস্থিত কনস্যুলেটটি জেরুজালেম, অধিকৃত পশ্চিম তীর ও গাজায় ফিলিস্তিনিদের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক দেখভাল করে। পাশাপাশি ফিলিস্তিনিদের কনস্যুলার সেবাও দেয়।

কনস্যুলেটটি এখনো কার্যক্রম চালাচ্ছে কি না, কিংবা সেখানকার কূটনীতিকেরা যুক্তরাজ্যে ফিরেছেন কি না—বুধবার এ বিষয়ে কোনো মন্তব্য করেনি যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর।

কনস্যুলেট বন্ধের ঘটনায় তেল আবিবে থাকা যুক্তরাজ্যের দূতাবাসের কার্যক্রমে প্রভাব পড়ছে না। ইসরাইল সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পরিচালনার দায়িত্ব ওই দূতাবাসের।

দুই দেশের সম্পর্কে টানাপোড়েন বাড়লেও অর্থনীতি, নিরাপত্তা ও গোয়েন্দা সহযোগিতায় যুক্তরাজ্য ও ইসরাইল এখনো ঘনিষ্ঠ অংশীদার।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ফ

ফাতেমা খানম

আন্তর্জাতিক সংবাদদাতা

আন্তর্জাতিক বিভাগের প্রধান সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ