পিরোজপুরে নতুন করে সন্ত্রাস ও চাঁদাবাজির উত্থান হয়েছে বলে মন্তব্য করেছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। জেলা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য একেএমএ আউয়াল ও পিরোজপুর পৌরসভার সাবেক মেয়র হাবিবুর রহমান মালেকের উদাহরণ টেনে তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, পিরোজপুরের মাটিতে নতুন করে কোনো ‘আউয়াল-মালেক’ তৈরি হতে দেওয়া হবে না।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে পিরোজপুরে জামায়াতে ইসলামীর জেলা রুকন সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাসুদ সাঈদী বলেন, পিরোজপুরে নতুন করে অনেকে আউয়াল ও মেয়র মালেক হতে চান; কিন্তু এই পিরোজপুরের মাটিতে কাউকে নতুন করে আর আউয়াল-মালেক হয়ে ওঠার সুযোগ দেওয়া হবে না। পিরোজপুরের মানুষকে সঙ্গে নিয়ে আমরা একটি সন্ত্রাসমুক্ত, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আন্দোলন চালিয়ে যাচ্ছি। জামায়াতে ইসলামীর উন্নয়নমূলক ও ইতিবাচক রাজনীতির মাধ্যমেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব।
বিরোধী দল হিসেবে সরকারের গঠনমূলক সমালোচনা করে দেশকে অগ্রগতির পথে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে বিভিন্ন দিকনির্দেশনামূলক কর্মসূচি দিচ্ছেন। বিরোধী দলে থেকেও একটি কার্যকর ছায়া সরকার হিসেবে ভূমিকা রেখে বাংলাদেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড় করানো সম্ভব হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে সম্মেলনে ২০২৭-২৮ সেশনের জন্য পিরোজপুর জেলা আমিরের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে জেলার ৬৭২ জন নারী ও পুরুষ রুকন গোপন ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই নির্বাচন ছিল জেলা মজলিসে শূরা ও কেন্দ্রে প্রতিনিধি পাঠানোর জন্য। জামায়াতে ইসলামী দীর্ঘ ৮৫ বছর ধরে সম্পূর্ণ নিয়মতান্ত্রিক ও অভ্যন্তরীণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচন করে আসছে। এখানে ভোট চাইতে কোনো প্রচার-প্রচারণা চালাতে হয় না, কোনো দলাদলি বা গ্রুপিংয়ের সুযোগ নেই। এটি একটি সুশৃঙ্খল ও আদর্শিক দলের অনন্য দৃষ্টান্ত।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পিরোজপুর জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুর রব, জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক এবং পটুয়াখালী জেলার সাবেক আমির ও বরিশাল অঞ্চল টিম সদস্য।



