বরিশালে মাদকবিরোধী অভিযানে আটক হওয়া এয়ারপোর্ট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আজ শুক্রবার বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) উপকমিশনার (দক্ষিণ) সুশান্ত সরকারসংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার বরিশাল সদর উপজেলার রায়পাশা-করাপুর এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে এএসআই দেলোয়ার হোসেনসহ চারজনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সেসময় মাদকসংশ্লিষ্ট সরঞ্জামও জব্দ করা হয়।সুশান্ত সরকার বলেন, ওই সময় দেলোয়ার ১৫ দিনের ছুটিতে ছিলেন। তবে ঘটনাস্থলে তার উপস্থিতি এবং মাদকসংশ্লিষ্ট সরঞ্জাম উদ্ধারের ঘটনায় পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আটক বাকিরা হলেন—বাড়ির মালিক মিরাজুল ইসলাম, নাহিদ হোসেন ও এক নারী।
অভিযানের নেতৃত্ব দেওয়া ডিএনসি পরিদর্শক মো. জাহিদুল ইসলাম বলেন, আটকদের মধ্যে গতকাল এএসআই দেলোয়ার হোসেনকে ওই থানার পরিদর্শক (তদন্ত) সুমন কুমার আইচের জিম্মায় দেওয়া হয়।
তিনি আরও বলেন, অন্যদের মধ্যে মিরাজুল ও ওই নারীর মাদক সেবনের পরীক্ষায় ফল পজিটিভ আসে। পরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সংক্ষিপ্ত বিচার শেষে তাদের ২০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। নাহিদের পরীক্ষায় মাদকের উপস্থিতি পাওয়া যায়নি। পরে আদালত তাকে মুক্তি দেন।



