কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ উদ্দিন খানের জুয়া খেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ভিডিওকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার হচ্ছে।
ভাইরাল হওয়া ভিডিওতে কয়েকজনকে একসঙ্গে বসে তাস খেলতে দেখা যায়। এ সময় তাদের সামনে ও হাতে কিছু টাকা দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে থাকা ব্যক্তিদের মধ্যে ইউনিয়ন বিএনপি সভাপতি ফরিদ উদ্দিনও রয়েছেন।
ফরিদ উদ্দিন দীর্ঘদিন ধরে ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। তার এই ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন নেতিবাচক মন্তব্য করছেন তৃণমূল বিএনপির নেতাকর্মীরা।
ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন বিএনপির একাধিক নেতার দাবি, স্থানীয় স্রোন্দ্রম সরকার পুকুরপাড়ে ফরিদ উদ্দিন প্রায়ই জুয়ার আসরে দেখা যায়। তাদের অভিযোগ, বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়ে না।
এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন বলেন, ‘এ ধরনের অপরাধ দল কোনোভাবেই সমর্থন করে না। শুনেছি, তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিতে চান। যদি তিনি এসব কর্মকাণ্ডে জড়িত থাকেন, তবে কীভাবে নির্বাচন করবেন?
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ উদ্দিন খানকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।



