সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
২৬শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল, হাজীগঞ্জে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল, হাজীগঞ্জে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ৮:৩৯ পিএমসর্বশেষ: ১২ অক্টোবর ২০২৬, ৮:৩৯ পিএম
ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল, হাজীগঞ্জে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়ন ভূমি অফিসের এক কর্মচারীর ঘুস নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। বরখাস্ত হওয়া কর্মচারীর নাম শুভ চন্দ্র বর্মণ। তিনি ওই ভূমি অফিসের অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন।

রোববার রাতে চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

অফিস আদেশ সূত্রে জানা গেছে, গত ৭ অক্টোবর ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এতে অফিস সহায়ক শুভ চন্দ্র বর্মণকে সেবাগ্রহীতাদের কাছ থেকে অর্থ গ্রহণ করতে দেখা যায়।

জেলা প্রশাসনের অফিস আদেশে বলা হয়েছে, ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়কের সেবাগ্রহীতাদের কাছ থেকে অর্থ গ্রহণের কোনো আইনগত ভিত্তি নেই। সরকারি দায়িত্বে থেকে এ ধরনের কর্মকাণ্ড দুর্নীতিপরায়ণতার শামিল।

এ ঘটনায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) অনুযায়ী দুর্নীতিপরায়ণতার অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। একই বিধিমালার ১২(১) বিধি অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ ১১ অক্টোবর থেকে কার্যকর হয়েছে।

এছাড়া তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করার লক্ষ্যে অভিযোগ বিবরণী প্রস্তুত করে জেলা প্রশাসকের কাছে পাঠানোর জন্য হাজীগঞ্জের সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, কাজে স্বচ্ছতা নিশ্চিত করতে নিয়মিত ঝটিকা অভিযান ও নজরদারি বাড়ানোর পাশাপাশি সংশ্লিষ্টদের সচেতন করতে প্রতিটি ভূমি অফিসে কড়া বার্তা পাঠানো হয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ