কিলিয়ান এমবাপ্পের সমালোচনা করেছেন সাবেক ব্যালন ডি’অর জয়ী জাঁ-পিয়ের পাপাঁ। ব্যালন ডি’অরের দৌড় নিয়ে এমবাপ্পের মন্তব্য তার পছন্দ হয়নি। তিনি ফ্রান্স অধিনায়ককে নিজেকে নিয়ে মেতে থাকা খেলোয়াড় বলেছেন।
পাপাঁ ১৯৯১ সালে ব্যালন ডি’অর জিতেছিলেন। তিনি মানেন, এমবাপ্পে প্রতিভাবান। রেকর্ড গড়ার কীর্তিও তার আছে। তবে রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড নিজের দাবি নিয়ে প্রকাশ্যে যা বলেছেন, তা বেশি হয়ে গেছে বলে মনে করেন পাপাঁ।
ফরাসি ওয়েবসাইট ফুট মার্কাতোকে পাপাঁ বলেন, ‘আমি সত্যিই কিলিয়ানকে শ্রদ্ধা করি। তার নামে অনেক রেকর্ড আছে। কিন্তু একটা পর্যায়ে সবকিছু শুধু আমি, আমি আর আমাতে এসে ঠেকে। ব্যালন ডি’অর কে পাবেন, তা ঠিক করে অন্যরা।
এমবাপ্পের একটি কথা পাপাঁকে বেশি বিঁধেছে। তিনিইবলেন, ‘এক পর্যায়ে তিনি বলেছিলেন, তিনি ছাড়া আর কেউ ব্যালন ডি’অরের যোগ্য নয়। এটা আমার কাছে বেশি হয়ে গেছে, অনেক বেশি।’ মার্সেইয়ের এই সাবেক স্ট্রাইকার কথাটি বলেছেন।
পাপাঁ আরও বলেন, বিজয়ী ঠিক হওয়া উচিত ভোটারদের মাপকাঠিতে। খেলোয়াড় নিজের অর্জন কেমন মনে করেন, তার ওপর তা নির্ভর করা উচিত নয়।
এমবাপ্পের যোগ্যতা মানলেও পাপাঁর পছন্দ অন্য একজন। তিনি চান, ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন এই পুরস্কার জিতুন।



