মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
২৭শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

জার্মান পর্যটক ফিরে পেলেন তার সেই চুরি হওয়া ল্যাপটপটি

জার্মান পর্যটক ফিরে পেলেন তার সেই চুরি হওয়া ল্যাপটপটি...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ৬:২৬ পিএমসর্বশেষ: ১৩ অক্টোবর ২০২৬, ৬:২৬ পিএম
জার্মান পর্যটক ফিরে পেলেন তার সেই চুরি হওয়া ল্যাপটপটি

নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়া ল্যাপটপ ফিরে পেয়েছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে পুলিশ সদর দপ্তরে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির আনুষ্ঠানিকভাবে তার হাতে ল্যাপটপটি তুলে দেন।

এ সময় বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ক্রিল। পাশাপাশি বাংলাদেশে ভ্রমণের সময় তার ইতিবাচক অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি। পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গত ৭ অক্টোবর বিকেলে নাটোর রেলওয়ে স্টেশনে ল্যাপটপ ও ক্যামেরা চুরি হয় ক্রিলের। ট্রেনের টিকিট কেনার জন্য এটিএম বুথ থেকে টাকা তুলতে যাওয়ার সময় ট্রেনের কর্মকর্তা পরিচয় দেওয়া এক ব্যক্তির কাছে ব্যাগটি রেখে যান তিনি। টাকা তুলে ফিরে এসে ওই ব্যক্তি ও ব্যাগের সন্ধান পাননি ক্রিল। পরে জানতে পারেন, ওই ব্যক্তি রেলওয়ের কোনো কর্মকর্তা নন।

এ ঘটনায় নাটোর সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন জার্মান পর্যটক। এরপর নাটোর সদর থানা, জেলা পুলিশ, রেলওয়ে পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের সমন্বয়ে একাধিক দল ল্যাপটপ ও ক্যামেরা উদ্ধারে অভিযান শুরু করে।

পুলিশ জানায়, ১১ অক্টোবর রাত সাড়ে নয়টার দিকে নাটোর সদর থানার কাপুড়িয়াপট্টি এলাকার নূর ক্লোথিং স্টোর থেকে ক্রিলের ম্যাকবুকটি উদ্ধার করা হয়।

বিদেশি পর্যটকের অভিযোগ দ্রুত নিষ্পত্তি, ল্যাপটপ উদ্ধার এবং পুলিশের পেশাদারত্বের স্বীকৃতি হিসেবে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান ও উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহাদাত হোসেনকে আর্থিক পুরস্কার দেন আইজিপি।

এ সময় সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের কর্মদক্ষতা, আন্তরিকতা, দায়িত্ববোধ ও দলগত সাফল্যের প্রশংসা করেন তিনি। পাশাপাশি দেশি-বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, দ্রুত ও পেশাদার সেবা দেওয়া, পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা এবং জনমুখী পুলিশিংয়ের মাধ্যমে মানুষের আস্থা অর্জনে পুলিশের সব ইউনিটকে নির্দেশনা দেন আইজিপি।

এর আগে ল্যাপটপ ও ক্যামেরা হারিয়ে ক্রিলের কান্নার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি দেখে ১০ অক্টোবর তার হাতে একটি ম্যাকবুক উপহার দেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মুক্তি মাহমুদ।

রাজধানীর হাজারীবাগ থানায় পুলিশের উপস্থিতিতে ১৮ বছর বয়সী ক্রিলের হাতে উপহারটি তুলে দেন তিনি। বাংলাদেশ থেকে ফেরার আগে তরুণ পর্যটকটি যেন অন্তত কিছু ভালো স্মৃতি নিয়ে যেতে পারেন, সেই প্রত্যাশার কথা জানিয়েছিলেন মুক্তি মাহমুদ।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ