মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
২৭শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ৭:০০ পিএমসর্বশেষ: ১৩ অক্টোবর ২০২৬, ৭:০০ পিএম
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি ডিম রপ্তানির সক্ষমতা অর্জনে উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এ জন্য উন্নত মানের ডিম উৎপাদন, পোলট্রি খাতের উৎপাদন খরচ কমানো এবং তরুণ উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর তুলা উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে বিশ্ব ডিম দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল ‘প্রোটিন, যা শক্তি দেয় ও সুরক্ষা করে’।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, এ বছর প্রথমবারের মতো নাইজেরিয়ায় হ্যাচিং ডিম রপ্তানি করেছে বাংলাদেশ। দেশের জন্য এটি ইতিবাচক অগ্রগতি উল্লেখ করে তিনি বলেন, মানসম্মত পণ্য উৎপাদন করা গেলে অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি ডিম রপ্তানিও সম্ভব হবে। দেশের অর্থনীতি শক্তিশালী করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে পোলট্রি খাতের উৎপাদন ব্যয় কমানোর ওপরও জোর দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, এ জন্য পশুখাদ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা জরুরি। পাশাপাশি পশুখাদ্যে অ্যান্টিবায়োটিক ব্যবহার না করার আহ্বান জানান তিনি।

ডিমের পুষ্টিগুণ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, তুলনামূলক কম খরচে ডিম থেকে প্রোটিন পাওয়া যায়। এটি সুস্বাদু ও পুষ্টিকর খাবার। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় একটি করে ডিম রাখার পরামর্শ দেন তিনি।

পোলট্রি খাতে তরুণ উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্ব দিয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, এ খাতে তরুণদের অংশগ্রহণ বাড়লে প্রান্তিক পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারিত হবে এবং গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে।

গ্রামীণ নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার প্রসঙ্গে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এ শিল্পের উন্নয়নে গুরুত্ব দিয়েছিলেন এবং বিভিন্ন এলাকায় হাঁস-মুরগি বিতরণ করেছিলেন। একইভাবে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ২০০১ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব থাকাকালে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে হাঁস, মুরগি ও ছাগল বিতরণ করেছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, নারীদের হাঁস-মুরগি পালনে উৎসাহিত করা গেলে তারা পরিবারের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি ডিম বিক্রি করে আয় করতে পারবেন। বাড়ির আঙিনায় হাঁস-মুরগি পালনের সুযোগ তৈরি করা গেলে গ্রামীণ নারীদের অর্থনৈতিক ভিত্তিও শক্তিশালী হবে।

পোলট্রি খামারের বিদ্যুৎ খরচ কমাতে সৌরবিদ্যুৎ ব্যবহারের বিষয়েও সরকারের সহযোগিতার আশ্বাস দেন তিনি। খামারগুলোকে কীভাবে সৌরবিদ্যুৎ প্রকল্পের আওতায় আনা যায়, সে বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা জানান প্রতিমন্ত্রী।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের আহ্বায়ক মসিউর রহমান এবং ওয়ার্ল্ডস পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন-বাংলাদেশ শাখার সিনিয়র সহসভাপতি মো. সিরাজুল হক।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অনুবিভাগের অতিরিক্ত সচিব সৈয়দা নওয়ারা জাহান, তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক কৃষিবিদ মোহা. রেজাউল আমিন এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমানসহ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

বিশ্ব ডিম দিবস উপলক্ষে এর আগে র‍্যালি ও বিনা মূল্যে ডিম বিতরণ করা হয়। প্রাণিসম্পদ অধিদপ্তর, ওয়ার্ল্ডস পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন-বাংলাদেশ শাখা এবং বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল যৌথভাবে এসব কর্মসূচির আয়োজন করে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ