ক্রীড়া সম্প্রচারে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে—এমন ঘোষণা দিয়ে ২০৩০ সালের ফিফা বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব নেওয়ার কথা জানিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স।
বিশ্বকাপের শতবর্ষ উদযাপন উপলক্ষে স্পেন, পর্তুগাল ও মরক্কোতে যৌথভাবে আয়োজিত হতে যাওয়া এই আসরের ১০৪টি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে প্ল্যাটফর্মটি। পাশাপাশি আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়েতে আয়োজন করা বিশেষ উদ্বোধনী ম্যাচগুলোও সরাসরি দেখার সুযোগ পাবেন দর্শকরা।
নেটফ্লিক্সের সম্প্রচার আয়োজন শুধু ম্যাচ দেখানোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এর সঙ্গে থাকবে সরাসরি বিশ্লেষণ, ম্যাচের আগের বিশেষ অনুষ্ঠান, প্রতিদিনের হাইলাইটস এবং স্থানীয় ফুটবলপ্রেমীদের জন্য তৈরি বিভিন্ন কনটেন্ট।
চুক্তির শর্ত অনুযায়ী, প্রতিটি ম্যাচের দিনে একটি করে ম্যাচ বিনা মূল্যে সম্প্রচারের ব্যবস্থা থাকবে। এ ছাড়া স্পেনের একটি ফ্রি-টু-এয়ার টেলিভিশন নেটওয়ার্কে দুটি সেমিফাইনাল, ফাইনাল এবং স্পেন জাতীয় দলের সব ম্যাচ দেখানো যাবে।
এই চুক্তির গুরুত্ব তুলে ধরে নেটফ্লিক্সের চিফ কনটেন্ট অফিসার বেলা বাজারিয়া বলেন, বিশ্বকাপের মতো আয়োজন মানুষের মধ্যে ঐক্য গড়ে তোলার অসাধারণ ক্ষমতা রাখে। স্পেনের শিরোপা জয়ের মুহূর্তে স্টেডিয়ামে উপস্থিত থেকে তিনি দেশটির সমর্থকদের আবেগ, উচ্ছ্বাস ও গর্ব কাছ থেকে দেখেছেন। তার মতে, এ ধরনের স্মৃতি ও গল্প একটি জাতির সংস্কৃতির অংশ হয়ে প্রজন্মের পর প্রজন্ম টিকে থাকে।
ফিফার জেনারেল সেক্রেটারি মাতিয়াস গ্রাফস্ট্রোমও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ২০৩০ সালের বিশ্বকাপ ফুটবল ইতিহাসের একটি বিশেষ আসর হতে যাচ্ছে। স্পেন ও অ্যান্ডোরার বিপুলসংখ্যক ফুটবলপ্রেমীর কাছে টুর্নামেন্টটি পৌঁছে দিতে নেটফ্লিক্সের সঙ্গে কাজ করতে আগ্রহী ফিফা। সমর্থকদের আরও কাছে ফুটবলকে পৌঁছে দেওয়াই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।



