গাইবান্ধার সাদুল্লাপুরে নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে ১৩ মাস বয়সী মাইশা আক্তার নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। ডুবুরি দল দিনভর তল্লাশি চালিয়ে সন্ধান না পেলেও অবশেষে সেই পুকুরেই ভেসে ওঠে শিশুটির লাশ।
মঙ্গলবার বিকালের দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের আরাজী ছান্দিয়াপুর (পূর্বপাড়া) গ্রামের আশরাফ আলীর পুকুর থেকে লাশটি উদ্ধার করেন পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
মৃত মাইশা ওই গ্রামের মোফাজ্জল হোসেন ও রুমি বেগম দম্পতির মেয়ে।
স্থানীয় বাসিন্দা ও স্বজনদের সূত্রে জানা যায়, রোববার সকালে মাইশার মা রুমি বেগম বাঁশ কাটতে বাড়ির বাইরে যান। কাজ শেষে ফিরে এসে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে শিশুটি পড়ে যাওয়ার সন্দেহ হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে রংপুর থেকে আসা ডুবুরি দল দিনভর পুকুরে তল্লাশি চালালেও শিশুটির সন্ধান মেলেনি।
এর দুই দিন পর মঙ্গলবার বিকালে ওই পুকুরেই শিশুটির লাশ ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন। এ ঘটনায় পরিবার ও গোটা এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুকুর থেকে ভাসমান অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরসহ পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



