মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
২৭শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন, ১০ লাখ টাকা জরিমানা

শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন, ১০ লাখ টাকা জরিমানা...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১০:১৯ পিএমসর্বশেষ: ১৩ অক্টোবর ২০২৬, ১০:১৯ পিএম
শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন, ১০ লাখ টাকা জরিমানা

সিলেটের বালাগঞ্জে ২০০৭ সালে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় সুমেল খাঁ নামের এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাকে আরও পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ভোগ করার আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রুবাইয়া ইয়াসমিন এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত সুমেল খাঁ সিলেটের বালাগঞ্জ উপজেলার গোপকানু গ্রামের তৈমুছ খাঁর ছেলে। ২০০৭ সালে ঘটনার সময় তার বয়স ছিল ২২ বছর।

মামলার নথি অনুযায়ী, ২০০৭ সালের ৫ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে বালাগঞ্জ সদর হাসপাতালের দ্বিতীয়তলার ১৩ নম্বর মহিলা ওয়ার্ডে ১০ বছরের ওই শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন ৬ নভেম্বর শিশুটির চাচা বাদী হয়ে বালাগঞ্জ থানায় মামলা করেন।

নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলাটি দায়ের করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন।

রায়ের নির্দেশনা অনুযায়ী, জরিমানার পুরো ১০ লাখ টাকা ভুক্তভোগী ও তার পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে। আসামি জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তার স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করে অর্থ আদায়ের জন্য সিলেটের জেলা কালেক্টরকে নির্দেশ দিয়েছেন আদালত। বর্তমান সম্পদ থেকে জরিমানার অর্থ আদায় সম্ভব না হলে ভবিষ্যতে আসামির অর্জিত সম্পদ থেকেও তা আদায় করা যাবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

এছাড়া দণ্ডিত আসামিকে কারাগারে পাঠানোর জন্য সাজা পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন আদালত। ফৌজদারি কার্যবিধির ৩৫/এ ধারা অনুযায়ী, হাজতে কাটানো সময়ের সুবিধাও পাবেন তিনি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ