বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
২৯শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

গ্যাস নেওয়ার সময় বিস্ফোরণে তছনছ ট্রাক, আহত ৭

গ্যাস নেওয়ার সময় বিস্ফোরণে তছনছ ট্রাক, আহত ৭...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১০:৫৪ পিএমসর্বশেষ: ১৩ অক্টোবর ২০২৬, ১০:৫৪ পিএম
গ্যাস নেওয়ার সময় বিস্ফোরণে তছনছ ট্রাক, আহত ৭

সাভারে একটি সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার সময় একটি ট্রাকের সিলিন্ডার বিস্ফোরণে অন্তত সাতজন আহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার সালেহপুর এলাকার ‘অনলাইন ফিলিং স্টেশন (সিএনজি) লিমিটেডে’ এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রাকটি তছনছ হয়ে যায়।

বিস্ফোরণে গুরুতর আহত বিল্লাল (২৬), আব্দুর রহমান (৩০) ও মুন্নু (৫০) ওই ফিলিং স্টেশনের কর্মচারী। তাদের হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। এছাড়া সিএনজি নিতে আসা গ্রাহকদের মধ্যে আরও চারজন কমবেশি আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত কবীর আহমেদ জানান, সন্ধ্যায় একটি ট্রাকে গ্যাস দেওয়ার সময় হঠাৎ বিকট শব্দে সেটির সিলিন্ডার বিস্ফোরিত হয়। বিস্ফোরণের তীব্রতায় ট্রাকটির টায়ার ফেটে যায় এবং তলদেশ তছনছ হয়ে পড়ে। এ সময় গ্যাস দেওয়ার কাজে নিয়োজিত কর্মচারীরা ছিটকে কয়েক হাত দূরে গিয়ে পড়েন। এতে ওই তিনজন কর্মচারী গুরুতর আহত হন। গ্যাস দেওয়ার সময় ট্রাকের ভেতরে কেউ ছিল না বলেও জানান ফিলিং স্টেশনের কর্মচারীরা।

সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ডাক্তার রাকিব আল মাহমুদ শুভ জানান, তিনজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের জরুরি চিকিৎসা চলছে। তবে তারা আপাতত শঙ্কামুক্ত।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানার ওসি সাইফুল আলম বলেন, দুর্ঘটনার পরপরই আমিনবাজার পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে।

ফিলিং স্টেশনের এক কর্মকর্তা সাংবাদিকদের জানান, গ্যাস নেওয়ার সময় ট্রাকে অত্যন্ত নিম্নমানের অথবা মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখতে পরীক্ষা-নিরীক্ষা চলছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ