মেঘনা উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আলী হোসেনকে (৭২) লাঞ্ছিত করার অভিযোগে মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কুমিল্লা উত্তর জেলা বিএনপি।
রোববার (১১ অক্টোবর) রাতে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আবুল হাশেম স্বাক্ষরিত চিঠিতে এ নোটিশ দেওয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনকালে গত ৮ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে দুর্গাপূজা উপলক্ষে প্রশাসন আয়োজিত সভায় মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আলী হোসেনের গলা চেপে ধরে তাকে অকথ্য ভাষায় গালমন্দ ও মারধরের মতো কর্মকাণ্ডে লিপ্ত হন রমিজ উদ্দিন লন্ডনী।
এ ঘটনায় তার বিরুদ্ধে কেন দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা লিখিতভাবে আগামী সাত দিনের মধ্যে কুমিল্লা উত্তর জেলা বিএনপির কার্যালয়ে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, রোববার (১১ অক্টোবর) বেলা ১১টার দিকে মেঘনা উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনীর বিরুদ্ধে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করে বিএনপি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।



