বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
২৮শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

যার হাসিমাখা ভিডিও দেখে মানুষ আনন্দ পেতেন, তার মৃত্যুর খবরই সবাইকে কাঁদাচ্ছে

যার হাসিমাখা ভিডিও দেখে মানুষ আনন্দ পেতেন, তার মৃত্যুর খবরই সবাইকে কাঁদাচ্ছে...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১:৩৮ পিএমসর্বশেষ: ১৪ অক্টোবর ২০২৬, ১:৩৮ পিএম
যার হাসিমাখা ভিডিও দেখে মানুষ আনন্দ পেতেন, তার মৃত্যুর খবরই সবাইকে কাঁদাচ্ছে

হাসি-আনন্দে মুখরিত থাকার কথা ছিল যে শিশুর শৈশব, সেই ছোট্ট দ্বীপের জীবন থেমে গেল মাত্র তিন বছর বয়সেই। সামাজিক যোগাযোগমাধ্যমে চাচার সঙ্গে সৃজনশীল ভিডিওতে অংশ নিয়ে অল্প সময়েই পরিচিতি পাওয়া ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপ শীল আর নেই। বাড়ির পাশের পুকুরে ডুবে মৃত্যু হয়েছে তার।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে হবিগঞ্জের বাহুবল উপজেলার নারিকেলতলা গ্রামে বাড়ির পাশের পুকুর থেকে দ্বীপের লাশ উদ্ধার করা হয়। মাত্র ৩ বছর ৩ মাস বয়সি দ্বীপের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার-স্বজন ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

দ্বীপ ওই গ্রামের বিজয় শীলের ছেলে। পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার দুপুর ২টা ১০ মিনিটের দিকে দ্বীপকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে দুপুর ২টা ৩৫ মিনিটে বাড়ির পাশের পুকুরে তার লাশ পাওয়া যায়।

দ্বীপের চাচা বিপ্লব শীল নিউ ভিশন কেজি অ্যান্ড হাইস্কুলের সহকারী শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের সৃজনশীল কনটেন্ট তৈরি করেন। কয়েক মাস ধরে চাচার সঙ্গে এসব ভিডিওতে অংশ নিচ্ছিল ছোট্ট দ্বীপ। তার নিষ্পাপ মুখের হাসি আর শিশুসুলভ অভিব্যক্তি অল্প সময়েই সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকের মন জয় করে নেয়।

যে শিশুর হাসিমাখা মুখের ভিডিও দেখে মানুষ আনন্দ পেতেন, সেই শিশুর মৃত্যুর খবরই এখন সবাইকে কাঁদাচ্ছে। দ্বীপের অকালমৃত্যুর খবর তার কাকা বিপ্লব শীলও নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে শেয়ার করেন। খবরটি ছড়িয়ে পড়ার পর অসংখ্য মানুষ শোক প্রকাশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দ্বীপের সঙ্গে কাটানো স্মৃতি, তার প্রতি ভালোবাসা ও শোকের কথা জানিয়ে মন্তব্য করেন অনেকে।

এ বিষয়ে বাহুবল মডেল থানার ওসি রুহুল আমিন তালুকদার বলেন, পানিতে ডুবে তিন বছর বয়সি কনটেন্ট ক্রিয়েটর দ্বীপ শীলের মৃত্যু হয়েছে। পরে পারিবারিকভাবে শিশুটির শেষকৃত্য সম্পন্ন করা হয়।

ছোট্ট দ্বীপের চলে যাওয়া শুধু একটি পরিবারের বুক খালি করেনি, শোকাহত করেছে তাকে ভালোবেসে ফেলা অসংখ্য মানুষকেও। যে বয়সে তার দুরন্তপনা আর হাসিতে মুখর থাকার কথা ছিল চারপাশ, সেই বয়সেই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেল সে। তার নিষ্পাপ মুখের স্মৃতি রয়ে যাবে স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের হৃদয়ে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ