নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা তুহিন হত্যা মামলায় সাবেক সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিনের বিষয়ে আদালতে শুনানি হয় মঙ্গলবার (১৩ অক্টোবর)। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। পরে আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় সাবেক সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর ‘জয় বাংলা’ স্লোগান দেন।
আইভীর ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় তার আইনজীবীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তাদের রিমান্ড আবেদনের শুনানি বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ। তিনি জানান, ফতুল্লার আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তাদের রিমান্ড আবেদনের শুনানি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
গ্রেপ্তারকৃতরা হলেন- আইনজীবী জিয়াউল ইসলাম কাজল, তার ভাই আতিকুল ইসলাম এবং আরেক আইনজীবী মাহাবুব রহমান।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে শহরের আল্লামা ইকবাল রোডের বাসা থেকে জিয়াউল ইসলাম কাজল ও তার ভাই আতিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। একই রাতে দেওভোগের পাক্কা রোড এলাকার গার্মেন্ট গলি থেকে মাহাবুব রহমানকে গ্রেপ্তার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, গ্রেপ্তারের পর বুধবার সকালে তাদের আদালতে পাঠানো হয়। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
পুলিশের দাবি, আদালত প্রাঙ্গণে স্লোগান দেওয়ার ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তের উদ্যোগ নেওয়া হয়। এর ধারাবাহিকতায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। তবে স্লোগান দেওয়ার ঘটনায় তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ কী, সে বিষয়ে পুলিশের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।



