সাতক্ষীরার তালা উপজেলায় এক মাছ ব্যবসায়ীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ শুক্রবার সকাল ১১টার দিকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ক্ষিতীশ মণ্ডল (৫৩) তালা উপজেলার জিয়ালা গ্রামের মৃত মনীন্দ্রনাথ মণ্ডলের ছেলে।
যোগাযোগ করা হলে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা (এমও) সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘সকাল ৮টায় ক্ষিতীশ মণ্ডলকে হাসপাতালে আনা হয়েছিল। তার মাথায় একটি বড় ক্ষত এবং শরীরের বিভিন্ন অংশে আঘাতের একাধিক চিহ্ন ছিল।
‘তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের নেওয়ার পরামর্শ দেওয়া (রেফার্ড করা) হয়েছিল। তবে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বের করার আগেই তার মৃত্যু হয়,’ বলেন তিনি।
অভিযোগ উঠেছে, উত্তর খোলা বিলে বিশ্বনাথ ঘোষের ঘের থেকে মাছ চুরির অপবাদ দিয়ে ক্ষিতীশকে শ্মশানঘাট এলাকায় গাছের সঙ্গে বেঁধে মারধর ও কুপিয়ে জখম করা হয়।
ক্ষিতীশের স্ত্রী সুলেখ রানী মণ্ডলের দাবি, বিশ্বনাথ ঘোষ, শিমুল ঘোষ, সমর ঘোষ, ইব্রাহিম খাঁ, হাবিবুর গাজী ও গফফার শেখসহ ১০ থেকে ১৫ জন এতে জড়িত ছিলেন।
চার বিঘা জমিতে ক্ষিতীশের নিজের মাছের ঘের রয়েছে জানিয়ে তার চাচাতো ভাই পার্থ মণ্ডল বলেন, ‘চুরির অপবাদ দিয়ে একজন মানুষকে রাতভর গাছে বেঁধে পিটিয়ে ও কুপিয়ে মেরে ফেলবে! আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের ন্যায়বিচার চাই।
তালা থানার উপপরিদর্শক (এসআই) মহসিন আলী বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।
‘পরিবারের পক্ষ থেকে মাছ চুরির অপবাদে হত্যার অভিযোগ করা হয়েছে। মামলা দায়ের হলে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে,’ বলেন তিনি।



