মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় সার পাচারের অভিযোগে এক সাব-ডিলারকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার চকমিরপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে।
উপজেলার সমেতপুর প্রধান সড়কে দীপু ট্রেডার্সের মালিক ওই সাব-ডিলারের নাম হাবিবুর রহমান হবি।
সূত্র জানিয়েছে, বেশি দামে বিক্রির উদ্দেশ্যে সরকারি সার পার্শ্ববর্তী টাঙ্গাইলের নাগরপুর উপজেলার নবদিয়া গ্রামে নিয়ে যাচ্ছিলেন হাবিবুর রহমান। পথে স্থানীয় কৃষক-জনতা ১১ বস্তা সারবোঝাই ভ্যান আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেয়।
পরবর্তীতে দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হাবিবুর রহমানকে দুই লাখ টাকা জরিমানা করেন।
এ ব্যাপারে জানতে চাইলে প্রবীর বিশ্বাস সাংবাদিকদের বলেন, ‘সরকারি সার অবৈধভাবে অন্যত্র বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। জব্দ করা ১১ বস্তা সার উপজেলা কৃষি অফিসের হেফাজতে রাখা হয়েছে।
‘কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে,’ যোগ করেন তিনি।



