চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি আমবাগান থেকে ৯২টি ককটেল, ১১ কেজি ৮০০ গ্রাম গানপাউডার এবং বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে এসআরবি।
আজ শুক্রবার বিকেলে এসআরবি-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সাল ইশতিয়াক জানান, বৃহস্পতিবার মধ্যরাতে এগুলো উদ্ধার করা হয়।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহীতে এসআরবি-৫-এর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সহায়তায় মহারাজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্ব টিকরা গ্রামের এক আমবাগান থেকে এসব সামগ্রী উদ্ধার করা হয়।
তিনি বলেন, ‘ওই সময় ঘটনাস্থলের আশপাশে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে পাওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারও করা হয়নি। তদন্ত চলছে।
‘দেশের বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর উদ্দেশ্যে দুর্বৃত্তরা এসব সামগ্রী সেখানে মজুত করে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধার করা সামগ্রীগুলো চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে’, যোগ করেন তিনি।



