রাজধানীর বনানী কামাল আতাতুর্ক পার্কে শুরু হয়েছে ছয় দিনব্যাপী শারদোৎসব ১৪৩৩।
গতকাল শুক্রবার মহাষষ্ঠীর সন্ধ্যায় বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে গুলশান-বনানী সর্বজনীন দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়।
উৎসবের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমাদের দেশের আইন-কানুন কেউ কাউকে সংখ্যালঘু বা ভিন্ন সম্প্রদায় হিসেবে দেখে না। আমরা সবাই বাংলাদেশের নাগরিক, সবাই সমান অধিকারের অধিকারী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত। এ সময় গুলশান-বনানী সার্বজনীন দুর্গোৎসবের সভাপতি অলক সাহা ও সাধারণ সম্পাদক বিনয় গোপাল রায়সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিদেশি মিশনের প্রতিনিধি এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এবারের উৎসবের মূল আকর্ষণ ‘জলজ’ থিম। আয়োজকদের ভাষ্য, পরিবেশবান্ধব ও নান্দনিক ভাবনায় সাজানো হয়েছে পূজামণ্ডপ।
উৎসবের প্রথম দিন সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন রেচেল পেরিস ও তার দল। সংগীত পরিবেশন করেন রণু কর্মকার, জয়ন্ত আচার্য ও রোকসানা মমতাজসহ অন্য শিল্পীরা।
আয়োজকেরা আশা করছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে বিপুলসংখ্যক মানুষ এবারের শারদোৎসবে অংশ নেবেন।



