লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরপাতা ইউনিয়নের গোপাল গিরিধারী মন্দিরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামাল হোসেন নামে (৪৫) এক ডেকোরেটর কর্মীর মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কামাল হোসেন বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার পশ্চিম কাদিরা গ্রামের কৃষক সুলজন খানের ছেলে। তিনি ২ বছর ধরে চাঁদপুরের হাজিগন্জ বাজারে ডেকোরেটর দোকানে কাজ করতেন। রাত ৮টায় নিহত কামাল হোসেনের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করে রায়পুর থানা পুলিশ।
মন্দিরের লোকজন জানায়, মন্দিরে ডেকোরেশনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় আহত হয় কামাল হোসেন। পরে তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন নাহার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন চন্দ্র ভক্ত, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার রায়, শ্রীশ্রী গিরিধারী মন্দিরের সভাপতি সমীর কর্মকারসহ মন্দিরের কর্মকর্তারা।
এদিকে, রায়পুর উপজেলায় ১৩টি পুজামন্ডপে পুজা উদযাপনে মন্দিরের সার্বিক নিরাপত্তা ও দুর্গাপূজার প্রস্তুতি নিবিড়ভাবে তদারকি করেন ইউএনও আজিজুন নাহার ও ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া। মন্দিরের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়েও খোঁজখবর নেন তারা। পুরো ঘটনাটি সিসি ক্যামেরার আওতায় থাকায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন আইনশৃঙ্খলা বাহিনী।



