রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
৩ঠা কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

বালুর ব্যবসা নিয়ে দুই পক্ষের বিরোধ, গুলিতে যুবদল কর্মী নিহত

বালুর ব্যবসা নিয়ে দুই পক্ষের বিরোধ, গুলিতে যুবদল কর্মী নিহত...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১১:১৫ পিএমসর্বশেষ: ১৭ অক্টোবর ২০২৬, ১১:১৫ পিএম
বালুর ব্যবসা নিয়ে দুই পক্ষের বিরোধ, গুলিতে যুবদল কর্মী নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে বালুর ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তারেক হোসেন বাপ্পি (২৬) নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তাফসির আলম শাওন (২২) নামে আরেক যুবক গুরুতর আহত হয়েছেন।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিও ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। তবে শনিবার (১৭ অক্টোবর) বিকাল ৫টা পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এর আগে শুক্রবার (১৬ অক্টোবর) রাতে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তারেক হোসেন বাপ্পি বাড়বকুণ্ড ইউনিয়নের মধ্যম মাহমুদাবাদ এলাকার কোরবান আলীর বাড়ির মৃত আলী আহমদের ছেলে। আহত তাফসির আলম শাওন একই ইউনিয়নের অলিনগর এলাকার ইউসুফের ছেলে।

সংশ্লিষ্টরা জানান, সাগর থেকে বালু উত্তোলন ও আধিপত্য বিস্তার নিয়ে বাড়বকুণ্ড ইউনিয়ন যুবদলের দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম। অপর পক্ষের নেতৃত্বে রয়েছেন ইউনিয়ন যুবদলের সদস্য সাদ্দাম হোসেন। বালুর ব্যবসা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে কয়েকবার মারামারির ঘটনাও ঘটেছে।

শুক্রবার রাতে তারেক ও তার বন্ধু শাওন মোটরসাইকেলে করে অলিনগর গ্রামের একটি সামাজিক ক্লাবের সামনে আসেন। ক্লাবটি তারেকের বড় ভাই সাদ্দামের কার্যালয় হিসেবেও ব্যবহৃত হয়। সেখানে তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তারেককে মৃত ঘোষণা করেন।

ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক জানান, সীতাকুণ্ডের বাড়বকুণ্ডের অলিনগরে কয়েকজন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালিয়ে গুলি ছোড়ে। এতে দুজন গুলিবিদ্ধ হন। তাদের মধ্যে তারেক হোসেন বাপ্পিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ অপর তরুণ তাফসির আলম শাওনকে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলাম জানান, দুর্বৃত্তদের হামলায় এক যুবদল কর্মী নিহত হয়েছেন। হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ