রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
৩ঠা কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১:৪৪ পিএমসর্বশেষ: ১৮ অক্টোবর ২০২৬, ১:৪৪ পিএম
নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

নেত্রকোণার মোহনগঞ্জে মোটরসাইকেলে আসা দুই মুখোশধারীর গুলিতে এক যুবক আহত হয়েছেন।

আজ রোববার ভোর সাড়ে ৫টার দিকে পৌর শহরের মাইলোড়া এলাকায় রামকৃষ্ণ মন্দিরের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুনসংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গুলিবিদ্ধ সুজন পালকে (৩০) প্রথমে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

সুজন নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার মেহেন্দিপুর গ্রামের বাসিন্দা। তিনি মোহনগঞ্জ পৌর শহরের একটি মিষ্টির দোকানে কাজ করেন এবং স্ত্রী-সন্তানদের নিয়ে ভাড়া থাকেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ঘুম থেকে উঠে হাত-মুখ ধোয়ার জন্য বাসার পাশের রামকৃষ্ণ মন্দিরের সামনের পুকুরে যাচ্ছিলেন সুজন। এ সময় মোটরসাইকেলে আসা দুই মুখোশধারী তার কাছে এক প্রবাসীর বাড়ির ঠিকানা জানতে চান।

একপর্যায়ে তাদের একজন অস্ত্র বের করলে সুজন দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন তাকে পেছন থেকে গুলি করে মোটরসাইকেলে পালিয়ে যান ওই দুজন।

গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে সুজনকে উদ্ধার করেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সুজনের স্ত্রী টুম্পা পাল বলেন, ভোরে বাসার পাশের সড়কে গেলে মোটরসাইকেলে আসা দুই মুখোশধারী ব্যক্তি সুজনকে গুলি করে পালিয়ে যায়।

মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অলক কান্তি তালুকদার বলেন, সুজনের পিঠে গুলি লেগেছে। সকালে পরিবারের সদস্যরা তাকে গুলিবিদ্ধ অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) সাব্বির হাসান, ওসি হাফিজুল ইসলাম হারুন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখান থেকে আলামত সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ