রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
৩ঠা কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

কাপ্তাই হ্রদ থেকে পাথরে বাঁধা যুবকের লাশ উদ্ধার

কাপ্তাই হ্রদ থেকে পাথরে বাঁধা যুবকের লাশ উদ্ধার...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ৩:২২ পিএমসর্বশেষ: ১৮ অক্টোবর ২০২৬, ৩:২২ পিএম
কাপ্তাই হ্রদ থেকে পাথরে বাঁধা যুবকের লাশ উদ্ধার

রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে পাথরের সঙ্গে বাঁধা এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৭ অক্টোবর) বিকালে জেলার বরকল উপজেলার সুবলং ইউনিয়নের জোড়াটিলা এলাকার হ্রদের পানির নিচ থেকে শরীরে পাথরবাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহতের নাম আরাফাত (১৮-১৯) বলে জানা গেছে, তবে তার বাড়ি কোথায় তাৎক্ষণিক তা জানা যায়নি। আরাফাত ওই এলাকায় মাছ ধরার নৌকায় জেলে শ্রমিকের কাজ করতেন। এ ঘটনায় জড়িত সন্দেহে নৌকার মালিক মো. শফিককে আটক করেছে পুলিশ।

পুলিশের ধারণা অনুযায়ী, নিহত যুবককে শরীরে পাথর বেঁধে কাপ্তাই হ্রদে ফেলে দিয়ে হত্যা করা হতে পারে। তবে তা এখনো স্পষ্ট নয়, তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। আটক শফিকের দেওয়া তথ্য অনুযায়ী তার দেখিয়ে দেওয়া স্থান থেকেই নিহতের লাশটি উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ১৩ অক্টোবর রাত থেকে আরাফাত নিখোঁজ ছিলেন। তিনি শফিকের মাছ ধরার নৌকায় জেলে শ্রমিক হিসাবে কাচকি মাছের জাল টানতেন। নিখোঁজের পর তাকে খোঁজাখুঁজির এক পর্যায়ে লংগদু উপজেলার মহালছড়ি এলাকা থেকে নৌকার মালিক শফিককে আটক করে পুলিশ। এরপর তাকে নিয়ে উদ্ধার অভিযান চালালে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সর্বশেষ শনিবার বিকালে সুবলংয়ের জোড়াটিলা নামক স্থান থেকে আরাফাতের লাশটি উদ্ধার করে রাঙামাটি ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানান, লাশটির শরীরে পাথরবাঁধা ছিল। এ ঘটনায় সন্দেহভাজন হিসাবে শফিককে আটক করা হয়েছে। লাশটি রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়ে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ