চাঁদাবাজি মামলায় চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন বগাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ রোববার দুপুরে তিনি চট্টগ্রাম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আত্মসমপর্ণের পর জামিন প্রার্থণা করেন। কিন্তু, বিচারক মনিরুল ইসলাম জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এ তথ্য নিশ্চিত করে ওয়াকিল হোসেন বগার আইনজীবী মঈনুল ইসলাম সাংবাদিকদের বলেন, আজ দুটি মামলায় পৃথক দুই আদালতে আত্মসমর্পণ করেন ওয়াকিল। ২০১৮ সালের একটি অস্ত্র মামলায় গ্রেপ্তারি পরোয়ানার পরিপ্রেক্ষিতে আদালতে হাজির হয়ে জামিন চাইলে তার জামিন মঞ্জুর হয়।
তবে খুলশী থানায় গত ৮ অক্টোবর দায়ের করা চাঁদাবাজির মামলায় জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন বলে জানান আইনজীবী।
ওয়াকিল হোসেন নগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক। তিনি ‘বগা’ ওরফে ‘বিহারী বগা’ নামেও পরিচিত।
পুলিশ সূত্রে জানা গেছে, চাঁদাবাজি, মাদক, মারামারি, পুলিশের ওপর হামলা, সরকারি সম্পদ ভাঙচুর ও বিস্ফোরক-সংক্রান্ত অভিযোগে করা ২৩টির বেশি মামলায় তিনি আসামি।
গত ২৯ সেপ্টেম্বর রাতে ১৬ বছর বয়সী হৃদয় নামের এক কিশোরকে কুপিয়ে হত্যা করা হয়।
সূত্র জানায়, নিহত কিশোর ও হামলাকারীরা, উভয়পক্ষই ওয়াকিল হোসেন বগার অনুসারী। এ ঘটনায় করা হত্যা মামলায় পুলিশ ৭ জনকে গ্রেপ্তার করেছে।
পাহাড়তলী, আকবর শাহ ও খুলশী থানা এলাকার বাসিন্দাদের অভিযোগ, ওয়াকিলের বাহিনীর চাঁদাবাজি, জমি দখল ও অস্ত্রের দাপটে তারা অতিষ্ঠ। সরকারি জায়গার দখল নিয়ে প্রকাশ্যে গোলাগুলির ঘটনার পর গত বছরের ৮ জুন তাকে স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার করা হয়।
এ বছরের ৬ অক্টোবর ওয়াকিলকে গ্রেপ্তারের উদ্যোগের মধ্যে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিমকে বদলি করা হয়। দুই দফা বদলির পর তাকে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে পদায়ন করা হয়েছে।



