সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
৪ঠা কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

তথ্যপ্রযুক্তি

টয়োপ ২০২৬ অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ জহিরুল ইসলাম

টয়োপ ২০২৬ অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ জহিরুল ইসলাম...

ত
তানভীর আহমেদ· প্রযুক্তি সম্পাদক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ৪:১১ পিএমসর্বশেষ: ১৯ অক্টোবর ২০২৬, ৪:১১ পিএম
টয়োপ ২০২৬ অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ জহিরুল ইসলাম

স্বেচ্ছাসেবা, সমাজসেবা ও মানবিক উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘টয়োপ ২০২৬’ অ্যাওয়ার্ড অর্জন করেছেন মোহাম্মদ জহিরুল ইসলাম। জেসিআই বাংলাদেশ তাঁকে এ সম্মাননায় ভূষিত করেছে।

মোহাম্মদ জহিরুল ইসলাম ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। পাশাপাশি তিনি মাতৃভূমি গ্রুপের পরিচালক এবং মাতৃভূমি হার্ট কেয়ার ও মাতৃভূমি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

২০১৬ সালের ২ ফেব্রুয়ারি যাত্রা শুরু করা ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশন শিক্ষা, যুব উন্নয়ন, দুর্যোগ মোকাবিলা, জীবিকা উন্নয়ন এবং নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিত করতে কাজ করছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগের মাধ্যমে এ পর্যন্ত প্রায় ১০ লাখ মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রেখেছে প্রতিষ্ঠানটি।

শিক্ষা বিস্তারে ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশনের অন্যতম উদ্যোগ ইগনাইট স্কুল। এ উদ্যোগের মাধ্যমে এখন পর্যন্ত ১ হাজার ২০০-এর বেশি শিক্ষার্থী বিনা মূল্যে শিক্ষার সুযোগ পেয়েছে। বর্তমানে ১৫৫ জন শিক্ষার্থী বিনা মূল্যে পড়াশোনা করছে। পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য থেরাপি সেবা প্রদানেও কাজ করছে সংস্থাটি।

এ ছাড়া ‘স্বাবলম্বী’ উদ্যোগের আওতায় ১৫৮টি পরিবারকে স্বাবলম্বী করে তোলার কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে ৫০ হাজারের বেশি মানুষের জন্য নিরাপদ পানির সুযোগ তৈরিতে ভূমিকা রেখেছে ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশন।

সমাজসেবার পাশাপাশি যুব উন্নয়ন, উদ্যোক্তা তৈরি এবং লেখালেখিতেও সক্রিয় মোহাম্মদ জহিরুল ইসলাম। তরুণদের দক্ষতা বৃদ্ধি, নতুন উদ্যোগ গ্রহণে উৎসাহিত করা এবং কর্মজীবন গঠনে সহায়তার লক্ষ্যে তিনি বিভিন্ন কার্যক্রমে যুক্ত রয়েছেন। তাঁর লেখা বইয়ের মধ্যে রয়েছে এভিয়েশন ক্যারিয়ার, ওয়ে টু সাকসেস এবং স্টুডেন্ট স্টার্টআপ।

বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ এর আগেও একাধিক জাতীয় ও আন্তর্জাতিক অ্যাওয়ার্ড ও সম্মাননা অর্জন করেছেন তিনি। তাঁর উল্লেখযোগ্য অর্জনের মধ্যে রয়েছে প্রেসিডেন্ট স্কাউট পুরস্কার (২০১৩), জাতিসংঘের সেরা স্বেচ্ছাসেবী দল পুরস্কার (২০১৯), স্টুডেন্ট টু স্টার্টআপ পুরস্কার (২০১৯), ডায়ানা পুরস্কার (২০২০), দ্য হিরো পুরস্কার (২০২১), জেসিআই তরুণ উদ্যোক্তা পুরস্কার (২০২২) এবং আইএলএ ৩০ অনূর্ধ্ব ৩০ সম্মাননা (২০২৫)।

টয়োপ ২০২৬ অ্যাওয়ার্ড অর্জনের পর মোহাম্মদ জহিরুল ইসলাম জেসিআই বাংলাদেশ, তাঁর পরিবার, ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশনের দল, স্বেচ্ছাসেবক এবং সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ অর্জনকে তিনি ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনার অনুপ্রেরণা হিসেবে দেখছেন।

তিনি ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ, তরুণদের ক্ষমতায়ন, উদ্যোক্তা তৈরিতে উৎসাহ প্রদান এবং টেকসই সামাজিক উন্নয়নে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

মোহাম্মদ জহিরুল ইসলামের এ অর্জন তরুণ প্রজন্মকে স্বেচ্ছাসেবা, মানবিক কর্মকাণ্ড ও সমাজ উন্নয়নে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে বলে আশা করা হচ্ছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ত

তানভীর আহমেদ

প্রযুক্তি সম্পাদক

প্রযুক্তি ও বিজ্ঞান বিভাগের সম্পাদক।

সম্পর্কিত আরও সংবাদ