বলিউডের 'মিস্টার পারফেকশনিস্ট'খ্যাত অভিনেতা আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নোটিশ দেওয়া হয়েছে। এ ঘটনার কয়েক দিনের মধ্যেই রোববার (১৮ অক্টোবর) মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরের সঙ্গে দেখা করতে তার বাড়িতে গেলেন মামা আমির খান। ইমরানের এই টানাপোড়েনের আবহে মিস্টার পারফেকশনিস্টের এ সাক্ষাৎ ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা-কল্পনা। কোন কারণে রাজের ঠাকরের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন আমির খান, তা অবশ্য জানা যায়নি।
দীর্ঘদিন ধরেই আমির খান ও রাজ ঠাকরের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। একে অপরের পরিবারের বিভিন্ন অনুষ্ঠানেও তাদের দেখা যায়। তাই ব্যক্তিগত কারণে না কি ভাগ্নের জন্য রাজ ঠাকরের সঙ্গে আমির খান দেখা করেছেন, তা নিয়ে নানা জল্পনা ছড়িয়েছে।
অন্যদিকে উল্লিখিত নোটিশকে চ্যালেঞ্জ করে মুম্বাই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ইমরান খান। কেন ভারত ছাড়ার নোটিশ পেয়েছেন ইমরান? অভিযোগ— অভিবাসন ও বিদেশি নাগরিকসংক্রান্ত আইন লঙ্ঘনের কারণেই ইমরানকে এ নোটিশ পাঠানো হয়েছে।
এর আগে ১০ অক্টোবর মুম্বাইয়ে একটি প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন অভিনেতা ইমরান খান। ভারতের নাগরিক না হয়েও তিনি যেভাবে যোগ দিলেন, তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এসআইআর প্রক্রিয়া নিয়ে অনিয়মের অভিযোগ তুলে ওই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেই কর্মসূচি থেকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানানো হয়।
৪৪ বছর বয়সি এ অভিনেতা তার আবেদনে ভারত ছাড়ার নির্দেশকে ‘অসাংবিধানিক’ বলে উল্লেখ করেছেন। আদালতে তার আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নোটিশের ওপর স্থগিতাদেশ চেয়েছেন তিনি।



