বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
৬ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

সাজেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধের ডাক

সাজেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধের ডাক...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ৬:২০ পিএমসর্বশেষ: ২১ অক্টোবর ২০২৬, ৬:২০ পিএম
সাজেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধের ডাক

দাবি বাস্তবায়ন না হওয়ার অভিযোগে বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে সাজেক পর্যটন সড়কে আবারও অনির্দিষ্টকালের অবরোধের ডাক দিয়েছে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন।

বুধবার (২১ অক্টোবর) সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এই অবরোধের ঘোষণা দেওয়া হয়।

এর আগে বাঘাইহাট ও মাচলংবাজার দুর্গাপূজা উদযাপন কমিটির অনুরোধে এবং সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার বিষয়টি বিবেচনা করে ১৬ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়েছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়, ১১ অক্টোবর থেকে সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধ শুরু করা হলে এদিন বিকালে স্থানীয় প্রশাসন সেখানে অবস্থানরত সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীকে ৪৮ ঘণ্টার সময়সীমার মধ্যে সরিয়ে নেওয়াসহ সাজেকবাসীর তিন দফা দাবি পূরণের আশ্বাস দেয়। এতে কর্মসূচি স্থগিত করে অবরোধ তুলে নেওয়া হলেও প্রশাসন দাবি পূরণে ব্যর্থ হয় এবং শর্ত বা প্রতিশ্রুতি ভঙ্গ করে। ফলে ১৫ অক্টোবর সাজেক পর্যটন সড়কে অবরোধ পালন করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, এলাকার জনগণের নিরাপত্তা ও জানমাল রক্ষার্থে এবং সশস্ত্র সন্ত্রাসীদের সন্ত্রাস ও উৎপাত বন্ধ করার জন্য ওই এলাকা থেকে সন্ত্রাসীদের সরিয়ে না নেওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চলতে থাকবে, বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত পালন করা হবে। একই সঙ্গে সাজেক পর্যটন এলাকায় ভ্রমণরত পর্যটকদের বুধবারের মধ্যে পর্যটন এলাকা ত্যাগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। তবে অবরোধ চলাকালে জরুরি ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও লাশবাহী গাড়ি, জরুরি ওষুধ সরবরাহকারী ও সংবাদপত্র বহনকারী যানবাহনসহ সংবাদ সংগ্রহের কাজে ব্যবহৃত সাংবাদিকদের গাড়ি এ অবরোধের আওতামুক্ত থাকবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে এলাকায় স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখাসহ আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর টহল জোরদার থাকবে বলে জানিয়েছেন সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ