বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
৭ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

কুমিল্লায় কর্ণফুলী কমিউটার ট্রেন লাইনচ্যুত

কুমিল্লায় কর্ণফুলী কমিউটার ট্রেন লাইনচ্যুত...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১১:১৩ পিএমসর্বশেষ: ২১ অক্টোবর ২০২৬, ১১:১৩ পিএম
কুমিল্লায় কর্ণফুলী কমিউটার ট্রেন লাইনচ্যুত

কুমিল্লায় স্টেশনমাস্টার, ট্রেনের চালক ও রেলওয়ের মূল নিয়ন্ত্রণকক্ষকে না জানিয়ে রেললাইন মেরামতের কাজ করায় নাঙ্গলকোটে ‘কর্ণফুলী কমিউটার' ট্রেনের ইঞ্জিনসহ তিনটি কোচ লাইনচ্যুত হয়েছে। এতে দায়িত্ব অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী (পথ) মো. গোলাম সারোয়ারকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

রেলওয়ের জনসংযোগ শাখার পরিচালক আনিসুর রহমান এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের নাঙ্গলকোট-লাকসাম সেকশনে এ দুর্ঘটনা ঘটে। এতে আপ-লাইনে ট্রেন চলাচল কিছু সময়ের জন্য ব্যাহত হলেও বিকল্প ব্যবস্থার কারণে মূল রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলী কমিউটার' ট্রেনটি দুপুরে লাঙ্গলকোট-লাকসাম সেকশন অতিক্রম করছিল। এ সময় কোনো প্রকার আগাম ঘোষণা, কন্ট্রোল রুমকে অবহিত করা কিংবা কোনো কশন অর্ডার (সতর্কবার্তা) জারি না করেই রেললাইনে মেরামত কাজ করছিলেন প্রকৌশল বিভাগের কর্মীরা। ট্রেনের চালক বিষয়টি টের পাওয়ার আগেই ট্রেনটি মেরামতাধীন লাইনে উঠে পড়ে এবং মুহূর্তের মধ্যে ইঞ্জিনসহ তিনটি কোচের চাকা লাইনচ্যুত হয়ে যায়।

রেলওয়ের মতো গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর পরিষেবায় কোনো প্রকার নিয়ম না মেনে ও ঝুঁকিপূর্ণভাবে লাইন মেরামত কাজ চালানোকে গুরুতর অপরাধ হিসেবে দেখছে কর্তৃপক্ষ। স্টেশনমাস্টার কিংবা কন্ট্রোল রুমকে কোনো বার্তা না দিয়ে কাজ পরিচালনা করার কারণে জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী (পথ) মো. গোলাম সারোয়ারের বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদিকে দুর্ঘটনার সংবাদ পেয়েই লাকসাম থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত কোচগুলো উদ্ধারে কাজ শুরু করে। দুর্ঘটনাজনিত কারণে আপ-লাইনে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়লেও বিকল্প ব্যবস্থা গ্রহণ করে রেলওয়ে। দুর্ঘটনা স্থলের বিকল্প ডাউন-লাইন সচল থাকায় ঢাকা-চট্টগ্রাম রুটে দূরপাল্লার ট্রেন চলাচল স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে।

রেলওয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, নাঙ্গলকোট লাকসাম সেকশনে ১২২/ ৭-৮ কিলোমিটার এলাকায় রেললাইন খুলে মেরামতের কাজ চলছিল। তবে এ বিষয়ে আগে থেকে কোনো ঘোষণা দেওয়া হয়নি এবং নিয়ন্ত্রণ কক্ষকেও জানানো হয়নি। স্টেশনমাস্টার ও চালক বিষয়টি না জানায় ট্রেনটি স্বাভাবিক গতিতে ওই এলাকায় পৌঁছায়। পরে জরুরি ব্রেক করা হলেও দুর্ঘটনা এড়ানো যায়নি। এ ঘটনার তদন্তে ৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

কুমিল্লা রেলওয়ে স্টেশনমাস্টার শেখ আনোয়ার হোসেন বলেন, লাইনচ্যুত কোচগুলো সরিয়ে ক্ষতিগ্রস্ত লাইন দ্রুত চলাচলের উপযোগী করার কাজ চলছে। এ ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত করা হতে পারে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ