বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
৭ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

সাংবাদিক আলিফ হত্যা: প্রাঙ্গণের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

সাংবাদিক আলিফ হত্যা: প্রাঙ্গণের ৩ দিনের রিমান্ড মঞ্জুর...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১১:১৩ পিএমসর্বশেষ: ২১ অক্টোবর ২০২৬, ১১:১৩ পিএম
সাংবাদিক আলিফ হত্যা: প্রাঙ্গণের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ ফকিরকে গুলি করে হত্যার মামলায় গ্রেফতার সন্দেহভাজন আসামি আশিকুর রহমান প্রাঙ্গণের (২১) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় প্রাঙ্গণকে নেত্রকোনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এ হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক মো. আলিমুল ইসলাম তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নেত্রকোনা আদালতের পরিদর্শক-২ মো. আব্দুল মমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে দুর্গাপুর পৌর শহরের শহীদ মিনার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রাঙ্গণকে গ্রেফতার করে এসআরবি-১৪। গ্রেফতার প্রাঙ্গণ দুর্গাপুর পৌর শহরের বাগিচাপাড়া এলাকার কাচারির মোড়ের বাসিন্দা মো. শাহিন মিয়ার ছেলে।

দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, গ্রেফতার প্রাঙ্গণ এলাকায় ‘শুটার শামিম’ নামে পরিচিত এক ব্যক্তির ভাগ্নে (চাচাতো বোনের ছেলে)। শুটার শামিমের বিরুদ্ধে থানায় অন্তত তিনটি হত্যা মামলাসহ কমপক্ষে ৩০টি মামলা রয়েছে।

এসআরবি সূত্র জানায়, সাংবাদিক আলিফ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তার অনুরোধে এসআরবি-১৪-এর সদর কোম্পানির একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় শহীদ মিনার এলাকা থেকে প্রাঙ্গণকে গ্রেফতার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

অভিযানের বিষয়ে এসআরবি-১৪, ময়মনসিংহের মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক আবুল হাসান বলেন, তদন্তের স্বার্থে সবকিছু বলা যাচ্ছে না, তবে এতটুকু বলতে পারি ঘটনার প্রযুক্তিগত দিক বিবেচনা করে গ্রেফতার প্রাঙ্গণকে এই ঘটনার অন্যতম আসামি হিসেবে ধরে নেওয়া যায়।

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর রাতে দুর্গাপুর উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উত্রাইল বাজারের তেলঞ্জিয়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সাংবাদিক আলিফ।

নিহত আলিফ বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘রূপসী বাংলা’র নেত্রকোনা প্রতিনিধি ছিলেন। পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন। ওই পেজে সীমান্ত এলাকায় চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ও অনিয়ম নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করতেন তিনি।

হত্যাকাণ্ডের পরদিন ১৬ অক্টোবর আলিফের স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে দুর্গাপুর থানায় অজ্ঞাতপরিচয় সাত থেকে আটজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

এ মামলায় গত ১৮ অক্টোবর অপূর্ব (২২) নামে সন্দেহভাজন আরেক যুবককে গ্রেফতার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। বর্তমানে অপূর্ব চার দিনের পুলিশ রিমান্ডে রয়েছেন। এ নিয়ে সাংবাদিক আলিফ হত্যা মামলায় সন্দেহভাজন দুজনকে গ্রেফতার করা হলো।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ