বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
৭ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বিচ কার্নিভ্যাল শুরু কাল, প্রস্তুত কুয়াকাটা

বিচ কার্নিভ্যাল শুরু কাল, প্রস্তুত কুয়াকাটা...

স
সুমিত রয়· প্রতিবেদক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ৩:২১ এএমসর্বশেষ: ২২ অক্টোবর ২০২৬, ৩:২১ এএম
বিচ কার্নিভ্যাল শুরু কাল, প্রস্তুত কুয়াকাটা

দীর্ঘ ৯ বছর পর আবারও উৎসবের রঙে সাজছে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত। কাল শুক্রবার শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘কুয়াকাটা পর্যটন কার্নিভ্যাল-২০২৬’। ৬ লাখের বেশি পর্যটক সমাগমের প্রত্যাশায় সৈকত, হোটেল-মোটেল ও রিসোর্টে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পর্যটকদের বরণ করতে প্রস্তুতি নিচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরাও।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে ২৩ ও ২৪ অক্টোবর এই কার্নিভ্যাল অনুষ্ঠিত হবে। আয়োজন ঘিরে সৈকত ও আশপাশের এলাকায় সাজসজ্জা, পরিচ্ছন্নতা এবং পর্যটকদের সেবা নিশ্চিত করার প্রস্তুতি চলছে। আয়োজকদের প্রত্যাশা, এই উৎসবের মধ্য দিয়ে দেশি-বিদেশি পর্যটকদের কাছে নতুনভাবে পরিচিত হবে ‘সাগরকন্যা’ কুয়াকাটা।

কার্নিভ্যাল উপলক্ষ্যে বিচ ফুটবল, বিচ ম্যারাথন, বিচ ক্রিকেট, ভলিবল, ঘুড়ি উৎসব, পিঠা ও খাবারের উৎসব, ফ্যাশন শো, পুথিপাঠ, বাউলগানের আসর এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে। এছাড়া শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রাখাইন সম্প্রদায়ের সাংস্কৃতিক পরিবেশনা, তারকা কনসার্ট ও চর বিজয়ে আনন্দভ্রমণের মতো কর্মসূচিও রয়েছে। জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, হাবিবুল বাশার সুমন ও ক্রিকেটার তাওহীদ হৃদয়ের অংশগ্রহণে সেলিব্রেটি বিচ ক্রিকেট আয়োজনের কথা রয়েছে।

পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. শামিমুজ্জামান বলেন, কার্নিভ্যাল ঘিরে ৬ লাখের বেশি পর্যটক কুয়াকাটায় আসবেন। ইতোমধ্যে ৩ লাখের বেশি মানুষ নিবন্ধন করেছেন বলে জানিয়েছে আয়োজক সূত্র। বিপুলসংখ্যক পর্যটকের আবাসন নিশ্চিত করতে হোটেল-মোটেলের পাশাপাশি হোম স্টে ও বিকল্প আবাসনের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

কার্নিভ্যাল ঘিরে ইতোমধ্যে হোটেল-রিসোর্টের কক্ষ বুকিং বেড়েছে। পর্যটন ব্যবসায়ীদের আশা, এই আয়োজন স্থানীয় ব্যবসা-বাণিজ্যে গতি ফেরানোর পাশাপাশি কুয়াকাটার পর্যটনশিল্পের নতুন সম্ভাবনা তৈরি করবে। তবে বিপুল পর্যটকের চাপ সামলাতে নিরাপত্তা, যানজট নিয়ন্ত্রণ, সৈকতের পরিচ্ছন্নতা ও পর্যাপ্ত সেবা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমিত রয়

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ