যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা প্রায় ১ লাখ ৭৫ হাজার মেট্রিক টন গম চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। বাংলাদেশের কেনা মোট ২ লাখ ২০ হাজার টনের মধ্যে এ পরিমাণ গম ইতোমধ্যে দেশে এসেছে।
বুধবার (২১ অক্টোবর) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
দূতাবাসের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র থেকে কেনা গমের চালানগুলোর মধ্যে প্রায় ১ লাখ ৭৫ হাজার মেট্রিক টন চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। বাকি গমের বিষয়ে বার্তায় বিস্তারিত জানানো হয়নি।
মার্কিন দূতাবাস বলেছে, যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা এই গম বাংলাদেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করছে। একই সঙ্গে এ বাণিজ্য দুই দেশের বাণিজ্যিক অংশীদারত্ব আরও জোরদার করছে।



