বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
১৪ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বিনোদন

‘গজনি’ অভিনেত্রীর ৭ বছরের মেয়ে বলতে পারে ১২টি ভাষা, ছুঁয়েও দেখে না মোবাইল

‘গজনি’ অভিনেত্রীর ৭ বছরের মেয়ে বলতে পারে ১২টি ভাষা, ছুঁয়েও দেখে না মোবাইল...

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ২:১১ পিএমসর্বশেষ: ২৮ অক্টোবর ২০২৬, ২:১১ পিএম
‘গজনি’ অভিনেত্রীর ৭ বছরের মেয়ে বলতে পারে ১২টি ভাষা, ছুঁয়েও দেখে না মোবাইল

‘গজনি’ খ্যাত ভারতীয় অভিনেত্রী অসিন।

বলিউড এবং দক্ষিণ ভারতীয় সিনেমার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী অসিন। হিন্দি সিনেমায় আমির খানের বিপরীতে ব্লকবাস্টার ‘গজনি’-তে অভিনয় করে পান তুমুল তারকাখ্যাতি। কিন্তু বিয়ের পর অভিনয় জগৎ থেকে পুরোপুরি দূরে সরে গিয়ে এখন পুরোদমেই সংসার ও পরিবার নিয়ে ব্যস্ত আছেন তিনি।

মাইক্রোম্যাক্স ইনকমোভার্সের সহ-প্রতিষ্ঠাতা রাহুল শর্মার সঙ্গে ঘর বাঁধার পর দীর্ঘদিন ধরেই আলোচনার বাইরে জীবন কাটাচ্ছেন এই অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে অসিনের মা হওয়ার জার্নি এবং তাদের সাত বছরের মেয়ে অরিন রাইন শর্মাকে নিয়ে দারুণ কিছু তথ্য প্রকাশ করেছেন অভিনেত্রীর স্বামী রাহুল।

মাইগভ ইন্ডিয়ার সঙ্গে এক আলাপচারিতায় রাহুল শর্মা জানান, তাদের মেয়ে পড়াশোনা ও বিভিন্ন ভাষার প্রতি দারুণ কৌতূহলী ও দক্ষ। মাত্র সাত বছর বয়সেই ছোট্ট অরিন প্রায় ১২টি ভাষা বুঝতে ও বলতে পারে। এর মধ্যে কোরিয়ান, জাপানিজ, থাই এবং চাইনিজ ভাষার মতো কঠিন ভাষাও রয়েছে।

মেয়ের এমন বুদ্ধিমত্তা ও ভাষা শেখার পেছনে কোনো প্রযুক্তির হাত নেই, বরং পুরোপুরি অন্যরকম এক পরিবেশের কথা জানান রাহুল। তিনি জানান, তাদের বাড়িতে কোনো টেলিভিশন বা মোবাইল ফোন ব্যবহারের অনুমতি নেই। মেয়েকে এখন পর্যন্ত কোনো ধরনের ডিজিটাল ডিভাইসের সংস্পর্শে আনা হয়নি।

এ প্রসঙ্গে রাহুল বলেন, ‘আমাদের বাড়িতে কোনো টিভি বা মোবাইল নেই। বাড়িতে শুধু বই আর বই। সম্ভবত মেয়ের স্কুলেও এত বই নেই, যত বই আমাদের ঘরে সাজানো আছে। ও এখন ক্লাস ২-এ পড়ে, কিন্তু আমাদের বাড়িতে ক্লাস ৮ ও ৯-এর বইও আগে থেকেই আনা আছে। মাঝেমধ্যে আমি অসিনকে রসিকতা করে বলি- একবার ওকে দশম শ্রেণির বোর্ড পরীক্ষাও দিয়েই দিতে বলো না কেন, তাতে আর কী এসে যায়! আর এসবের পুরো কৃতিত্বই অসিনের।

ওই সাক্ষাৎকারে অসিনের সঙ্গে তার দাম্পত্য জীবন নিয়েও খোলামেলা কথা বলেন রাহুল শর্মা। অসিনকে বিয়ে করা তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলে উল্লেখ করেন তিনি।

কঠিন সময়ে যেভাবে অসিন সবসময় তার পাশে থেকেছেন এবং তাকে সাহস জুগিয়েছেন, তার প্রশংসা করে রাহুল বলেন, অসিন তার জীবনের আসল শক্তি। তিনি সবসময় স্বামীর ওপর বিশ্বাস রেখেছেন এবং তার পাশে থেকে জীবনকে অনেক সহজ করে দিয়েছেন।

উল্লেখ্য, দক্ষিণ ভারতের সিনেমায় সফল ক্যারিয়ারের পর বলিউডে পা রাখেন অসিন। ২০০৮ সালে আমির খানের বিপরীতে ব্লকবাস্টার হিট সিনেমা ‘গজনি’-তে অভিনয় করে রাতারাতি দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পান। এরপর একে একে ‘রেডি’, ‘হাউসফুল ২’, ‘বোল বচ্চন’ এবং ‘খিলাড়ি ৭৮৬’-এর মতো জনপ্রিয় হিন্দি সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।

২০১৬ সালের জানুয়ারি মাসে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবন্ধবদের নিয়ে আয়োজিত এক প্রাইভেট অনুষ্ঠানে রাহুল শর্মার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অসিন। এরপর ২০১৭ সালের অক্টোবর মাসে তাদের কোল আলো করে আসে কন্যা আরিন। বিয়ের পর থেকেই গ্ল্যামার দুনিয়া এবং জনসমক্ষ থেকে ইচ্ছাকৃতভাবেই দূরে রয়েছেন এই অভিনেত্রী।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ