নারীদের আইপিএলে নজর কাড়লেন উমা কাষভি। আইপিএলের ইতিহাসে সর্বকনিষ্ঠ হিসেবে দল পেল কর্নাটকের এই অলরাউন্ডার। ইতোমধ্যে ক্রিকেটমহলে হইচই ফেলে দিয়েছে ১৫ বছর বয়সী এই ক্রিকেটার।
বুধবার ডব্লিউপিএলের নিলামে নাম লিখিয়েছিলেন ৬৭ জন ক্রিকেটার। শেষ পর্যন্ত তাদের মধ্যে ২৫ জন দল পেয়েছেন। তবে একজনের মূল্য কোটির ঘর পেরিয়েছে, তিনি অস্ট্রেলিয়ার অলরাউন্ডার সোফি মোলিনা। ১ কোটি ১০ লাখ টাকায় তাকে নিয়েছে ইউপি ওয়ারিয়র্স।
দ্বিতীয় সর্বোচ্চ ৭৫ লাখ মূল্য পেয়েছেন কিরণ নভগির। তাকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। তবে বাকি ক্রিকেটারদের কেউই ৫০ লাখের গণ্ডি পার হতে পারেননি।
নিলামে নাম লিখিয়েছিলেন বাংলার চার ক্রিকেটার সুজাতা দে, বিদিশা দে, তিতাস সাধু এবং সাইকা ইশাক। তারা কেউই দল পাননি।
বুধবারের নিলামের পর আলোচনার শীর্ষে কর্নাটকের কাষভি কাণ্ডিকুপ্পা। ক্রিকেটমহলে তার পরিচিতি অবশ্য উমা কাষভি নামে। বুধবার তাকে ১০ লাখ টাকায় কিনে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। তার বয়স মাত্র ১৫ বছর।
কিন্তু ব্যাটে-বলে ইতোমধ্যেই হইচই ফেলে দিয়েছেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি অফ স্পিন বোলিংও করে উমা। কয়েক মাস আগে অনূর্ধ্ব ১৫ কিশোরীদের টুর্নামেন্টে পাঁচশোর বেশি রান করার পর সবার নজরে আসেন।
ওই টুর্নামেন্টে তিনটি সেঞ্চুরি এবং একটি হাফ সেঞ্চুরি করেছিল ১৫ বছর বয়সি উমা। কর্নাটকের বিভিন্ন বয়সভিত্তিক প্রতিযোগিতায় ইতিমধ্যেই ১৩ হাজারের বেশি রান করে ফেলেছে সে।
নারীদের অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলেও ছিল উমা। অনূর্ধ্ব ১৫ দলকে জাতীয় স্তরের ক্রিকেটে নেতৃত্বও দিয়েছে। এবার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন যাত্রা শুরু এই কিশোরীর।



