পাবনার সদর উপজেলার আতাইকুলা হাটে সন্ত্রাসীদের গুলিতে দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন পাবনা সদর উপজেলার পুষ্পপাড়া গ্রামের মো. আবদুস সালাম (৪৫) ও ধর্মগ্রামের মো. রিপন (৪০)।
পুলিশ জানিয়েছে, নিহত সালাম আতাইকুলা হাটের ইজারাদার ও শ্রমিক লীগের সঙ্গে জড়িত ছিলেন। অন্যদিকে রিপন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
আতাইকুলা থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার সাহা জানান, সন্ধ্যা ৭টার দিকে সালাম ও রিপন হাটের ভেতরে সালামের কার্যালয়ে ছিলেন। এ সময় পাঁচ থেকে সাতজন সশস্ত্র ব্যক্তি কার্যালয়ে ঢুকে কয়েক রাউন্ড গুলি করে।
তিনি আরও বলেন, গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এই পরিদর্শক বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্তের আগে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।
স্থানীয়রা জানান, আতাইকুলা হাটের ইজারা নিয়ে দীর্ঘদিন ধরেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।



