অফিসে শৃঙ্খলা বজায় রাখতেই নতুন এ ব্যবস্থা চালু করা হয়েছে বলে জানা গেছে।
হবিগঞ্জের মাধবপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ে জুতা খুলে প্রবেশের নিয়ম চালু করা হয়েছে। প্রায় এক সপ্তাহ ধরে চালু থাকা এ নিয়ম নিয়ে সেবাগ্রহীতা ও স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।
ওই কার্যালয়ের ইউনিয়ন সমাজকর্মী রঞ্জিত বিশ্বাস বলেন, শৃঙ্খলা বজায় রাখার অংশ হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানেন। সবার ভালোর জন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুবেল মন্ডল বলেন, জুতা রাখার জন্য বক্সের ব্যবস্থা করা হবে। অফিসে শৃঙ্খলা বজায় রাখতেই নতুন এ ব্যবস্থা চালু করা হয়েছে। তবে জুতা খুলে প্রবেশ বাধ্যতামূলক, বিষয়টি এমন নয়।
এ নিয়ম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সেবা নিতে আসা কয়েকজন। সেবাগ্রহীতা নাজমা বেগম বলেন, এ ধরনের নিয়ম তিনি কোথাও দেখেননি। পায়ে সমস্যা থাকা সত্ত্বেও তাকে জুতা খুলে অফিসে প্রবেশ করতে হয়েছে।
উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মির্জা ইকরাম বলেন, সরকারি অফিসে জুতা খুলে প্রবেশের বিষয়টি আজগুবি। এ ক্ষেত্রে কার্যকর ও যুক্তিসংগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
এ বিষয়ে হবিগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জালাল উদ্দিন বলেন, বিষয়টি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



