গাজীপুরের শ্রীপুর রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেন থেকে এক যুবককে ছুরিকাঘাতের পর ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে ঢাকা অভিমুখী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি শ্রীপুর স্টেশনে পৌঁছানোর পর এ ঘটনা ঘটে। গুরুতর আহত ওই যুবককে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আহত যুবকের নাম মো. আনোয়ারুল ইসলাম (৩৫)। তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তপাড়া গ্রামের মো. রিটন মিয়ার ছেলে।
আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া মাহিয়া জানান, রেললাইনের পাশ দিয়ে কয়েকজন বন্ধু মিলে হেঁটে বাড়ি ফিরছিলেন তারা। এ সময় এক যুবককে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও’ বলে চিৎকার করতে শোনেন। পরে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখেন, ওই যুবকের পেটসহ শরীরের বিভিন্ন স্থান থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে।
পরে বন্ধুরা মিলে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক অনিক বলেন, আহত যুবককে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শামীমা আক্তারের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।



