নাটোর-৪ আসনের এমপি আব্দুল আজিজের ছেলের ছাত্রদল নেতা হত্যার ঘটনায় জড়িত থাকা ও তার নিজের অশালীন ভিডিও ভাইরাল হওয়ায় দল ইমেজ সংকটে পড়েছে। তিনি জেলা বিএনপির নেতা। ফলে তার বিষয়ে সিদ্ধান্ত নেবে বিএনপির কেন্দ্রীয় কমিটি। এ জন্য এমপি আজিজের বিষয়ে সাংগঠনিক সিদ্ধান্ত নিতে কেন্দ্রকে জেলা বিএনপির পক্ষ থেকে লিখিতভাবে সুপারিশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার বিকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে অনুষ্ঠিত নাটোর জেলা বিএনপির প্রস্তুতি সভায় এসব কথা জানান জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ।
তিনি জানান, এমপি আব্দুল আজিজ নাটোর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক। একজন জেলা বিএনপি নেতার বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী কোনো সিদ্ধান্ত জেলা বিএনপি নিতে পারে না। তাই বিষয়গুলো লিখিতভাবে কেন্দ্রীয় সংগঠনকে জানানো হবে। কেন্দ্র তার বিষয়ে সিদ্ধান্ত নেবে।
উল্লেখ্য, ১৪ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে ছাত্রদল নেতা শাকিল ইসলাম তার বাড়িতে যাওয়ার সময় বিলচলন শামসুজ্জোহা কলেজের পাশে পেছন থেকে একটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা এসে তাকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় শাকিল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে বৃহস্পতিবার সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়। পরে শনিবার সকালে শাকিলকে বাংলাদেশ মেডিকেলে স্থানান্তর করা হয়।



