চাঁদাবাজি, সালিশ-বাণিজ্য, জুলুম, নির্যাতন ও নিপীড়নের সঙ্গে জড়িতদের বিএনপিতে থাকার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, কেউ নিজের ‘হেডাম’ দেখাতে চাইলেও বিএনপি করা যাবে না।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ভাতঘরা দয়াপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, মাদক ও জুয়া বন্ধে বিভিন্ন ইউনিয়নে সমাবেশ করা হচ্ছে। কিন্তু আজকের সমাবেশে গ্রুপিংয়ের কারণে কেউ কেউ অসহযোগিতা করছেন। দলের মধ্যে কোনো গ্রুপিং করা যাবে না। দল এখন ক্ষমতায়, বিএনপি করার লোকের অভাব হবে না। দলের মধ্যে থেকে যারা বেইমানি করবেন, তাদের প্রশ্রয় দেওয়া হবে না।
তিনি বলেন, বিগত নির্বাচনে আমার সঙ্গে থেকেও যারা বেইমানি করেছেন, আমি তাদের চিনি। তারা আমার কাছে কখনো প্রশ্রয় পাবেন না।
দলীয় কোন্দলের বিষয়ে রাশেদ খাঁন বলেন, আপনারা গ্রুপিং করলে লাভ হবে জামায়াতের। জামায়াত সুযোগ নিয়ে ফায়দা লুটবে।
তিনি আরও জানান, তিনি কোনো বিভাজন চান না, চান ঐক্য। আগামী স্থানীয় নির্বাচনে গ্রুপিং থাকলে দলের পাশাপাশি নেতাকর্মীরাও ক্ষতিগ্রস্ত হবেন। এমন পরিস্থিতি হতে দেওয়া হবে না।
কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মাদক, আত্মহত্যা, বাল্যবিবাহ, নারী নির্যাতন, যৌতুক ও অনলাইন জুয়া প্রতিরোধে এ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ।
সভায় বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী। এ ছাড়া বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তবিবর রহমান মিনি, সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. নুরুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইসরাইল হোসেন জীবন, সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুজ্জামান স্বপন, মোস্তাফিজুর রহমান কাজল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মারুফ বিল্লাহসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



