শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
১৬ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

দুর্নীতি করি না, কাউকে প্রশ্রয়ও দেব না: হুইপ জিকে গউছ

দুর্নীতি করি না, কাউকে প্রশ্রয়ও দেব না: হুইপ জিকে গউছ...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১০:৩৬ পিএমসর্বশেষ: ৩০ অক্টোবর ২০২৬, ১০:৩৬ পিএম
দুর্নীতি করি না, কাউকে প্রশ্রয়ও দেব না: হুইপ জিকে গউছ

হবিগঞ্জে রাস্তা সংস্কার কাজে অনিয়ম ধরেছেন জাতীয় সংসদের হুইপ জিকে গউছ এমপি। রাস্তার কাজের উদ্বোধনকালে নিজে দাঁড়িয়ে থেকে তিনি এ অনিয়ম ধরেন। সঙ্গে সঙ্গে ঢালাইকৃত অংশ অপসারণ করে পুনরায় করার নির্দেশ দেন। নিজে দাঁড়িয়ে থেকেই এগুলো অপসারণ করান।

দুর্নীতি করি না, কাউকে প্রশ্রয়ও দেব না বলে মন্তব্য করে তিনি বলেছেন, কোনো কাজেই কোনো অনিয়ম সহ্য করা হবে না। কেউ কাজ করবেন, ঠিকাদারি করবেন, সমস্যা নেই। কে কাজ পেলেন তাও মুখ্য বিষয় নয়। তবে কাজ ঠিকঠাক করতে হবে। এতে কোনো ধরনের গাফিলতি মেনে নেওয়া হবে না। সরকারের টাকা এগুলো, জনগণের ট্যাক্সের টাকা। এ টাকার কোনো অপব্যবহার করা যাবে না। দেশের সম্পদ যেন সুষ্ঠু ব্যবহার হয়, তা নিশ্চিত করতে হবে।

২ কোটি ৮০ লাখ ৬৫ হাজার ৭৪৬ টাকা ব্যয়ে হবিগঞ্জ শহরের জজ কোর্টের সামনে থেকে রাজনগর পর্যন্ত রাস্তার সংস্কার কাজ উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে কাজটি উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ জিকে গউছ এমপি।

শুক্রবার বিকালে জজ কোর্টের সামনে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে হবিগঞ্জ পৌরসভা।

পৌরসভার প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক মো. মঈনুল হক এতে বক্তৃতা করেন।

উদ্বোধন শেষে কাজ তদারকি করেন হুইপ আলহাজ জিকে গউছ এমপি। ঢালাই শুরু হলে তিনি দেখতে পান সিমেন্ট ও বালুর পরিমাণ বাড়িয়ে দিয়ে পাথরের পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছে। ফলে রাস্তাটি দুর্বল হয়ে পড়বে এবং দ্রুত রাস্তাটি ভেঙে পড়তে পারে। এমন অবস্থায় তিনি ক্ষুব্ধ হয়ে ঢালাই করা অংশ দ্রুত অপসারণ করার নির্দেশ দেন এবং নিজে দাঁড়িয়ে থেকে তা অপসারণ করান। পুনরায় রাস্তাটি ঢালাই করার নির্দেশ দেন তিনি।

এ সময় হুইপ জিকে গউছ বলেন, আমি টানা তিনবার হবিগঞ্জ পৌরসভার মেয়র ছিলাম। কারাগারে বন্দি থাকা অবস্থায়ও মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এটি আমার কর্মের ফল ছিল। আমি কখনও দুর্নীতি করিনি। কাউকে দুর্নীতি করার সুযোগও দিইনি। মেয়র থাকা অবস্থায় কোটি কোটি টাকার চেক আমার হাত দিয়ে সই করেছি; কিন্তু পলাতক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকার আমার বিরুদ্ধে এক টাকার দুর্নীতির মামলাও করতে পারেনি। আমাকে মিথ্যা হত্যা মামলায় জড়িয়েছে। এখন আল্লাহ আমাকে আরও বড় পরিসরে কাজ করার সুযোগ দিয়েছেন। আমি নিজে দুর্নীতি করি না। কাউকে আমি প্রশ্রয়ও দেব না। সরকারের সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করাই আমার দায়িত্ব।

তিনি রাস্তার কাজটি তদারকির জন্য পৌরবাসীর প্রতি আহ্বান জানান।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ