শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
১৬ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

পর্দায় আসছে তাহমিমা আনামের উপন্যাস ‘গুড বুকস’

পর্দায় আসছে তাহমিমা আনামের উপন্যাস ‘গুড বুকস’...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১২:৩৩ পিএমসর্বশেষ: ৩১ অক্টোবর ২০২৬, ১২:৩৩ পিএম
পর্দায় আসছে তাহমিমা আনামের উপন্যাস ‘গুড বুকস’

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ লেখক তাহমিমা আনামের নতুন উপন্যাস ‘গুড বুকস’ অবলম্বনে তৈরি হচ্ছে টেলিভিশন সিরিজ। প্রকাশনা জগতের নানা দিক তুলে ধরা হয়েছে এই উপন্যাসে।

মার্কিন বিনোদনবিষয়ক সাময়িকী ভ্যারাইটির এক প্রতিবেদনে বলা হয়েছে, পেসসেটার প্রোডাকশনস ও কুডোস যৌথভাবে সিরিজটি নির্মাণ করছে।

উপন্যাসটির চিত্রনাট্য তৈরি করছেন তাহমিমা আনাম ও এমি পুরস্কারের জন্য মনোনীত লেখক ও প্রযোজক অ্যালিসন ব্রাউন। ‘এমিলি ইন প্যারিস’, ‘ইয়ঙ্গার’ ও ‘আপলোড’ সিরিজে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অ্যালিসনের।

এ বছরের এডিনবরা বুক ফেস্টিভ্যালে উপন্যাসটি প্রকাশের ঘোষণা দেওয়া হয়। সেখানে যুক্তরাজ্যের প্রকাশনা সংস্থা ক্যানংগেট জানায়, ২০২৮ সালে বইটি প্রকাশের স্বত্ব কিনেছে তারা।

উত্তর আমেরিকায় বইটি প্রকাশের স্বত্ব কিনেছে ক্যানংগেটের নিয়মিত মার্কিন সহযোগী প্রকাশনা সংস্থা স্ক্রিবনার।

প্রকাশনা সংস্থা বইটিকে বর্ণনা করেছে ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ ও ‘ইয়েলোফেস’-এর মিশেল হিসেবে। উপন্যাসে উঠে এসেছে একটা বই কীভাবে তৈরি হয়, কারা সেই বই প্রকাশের সুযোগ পান, নিজের যোগ্যতা নিয়ে সংশয় এবং সেই সংশয় কাটিয়ে ওঠার চ্যালেঞ্জ। পাশাপাশি মা-মেয়ের সম্পর্ক এবং রক্তের সম্পর্কের বাইরের পরিবারের বন্ধনও উপন্যাসটির অন্যতম বিষয়।

উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র রায়া চ্যাটার্জি। নিউইয়র্কের একটা বইয়ের দোকানে কাজ করার সময় লন্ডনের সবচেয়ে প্রভাবশালী সাহিত্য প্রতিনিধি প্রু ম্যাকনিলের সঙ্গে তার পরিচয় হয়।

এই পরিচয় রায়ার সামনে নতুন পেশাজীবন শুরুর সুযোগ তৈরি করে। একই সঙ্গে তাকে জন্মশহর লন্ডনে ফিরিয়ে নিয়ে যায় এবং অতীতের কিছু গোপন বিষয় ও অমীমাংসিত ঘটনার মুখোমুখি করে।

সিরিজটির প্রযোজনায় থাকা পেসসেটার প্রোডাকশনস প্রতিষ্ঠা করেছেন জেসিকা রোডস। পিককের গোয়েন্দা-থ্রিলার সিরিজ ‘পোনিস’ নির্মাণ করেছে প্রতিষ্ঠানটি।

এছাড়া ‘ব্ল্যাক মিরর’ এবং আসন্ন কমেডি সিরিজ ‘কাঙ্ক অন সিনেমা’ নিয়েও চার্লি ব্রুকারের সঙ্গে কাজ করেছে প্রতিষ্ঠানটি।

অন্যদিকে বানিজে গ্রুপের অংশ কুডোস। ‘হাউস অব গিনেস’, ‘এসএএস: রোগ হিরোস’ ও ‘গ্রান্টচেস্টার’-এর মতো টেলিভিশন সিরিজ নির্মাণ করেছে প্রতিষ্ঠানটি।

তাহমিমা আনাম ‘বেঙ্গল ট্রিলজি’ সিরিজের লেখক। প্রথম বইয়ের জন্য তিনি কমনওয়েলথ রাইটার্স পুরস্কার এবং ‘গার্মেন্টস’ গল্পের জন্য ও. হেনরি পুরস্কার পেয়েছেন।

তার উপন্যাস ‘আপরাইজিং’ অরওয়েল পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছিল।

এছাড়া গ্রান্টা সাময়িকীর নির্বাচিত সেরা তরুণ ব্রিটিশ ঔপন্যাসিকদের তালিকায়ও তার নাম এসেছে। তিনি রয়্যাল সোসাইটি অব লিটারেচারের একজন ফেলো।

বাংলাদেশের ঢাকায় জন্ম নেওয়া তাহমিমা হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞানে পিএইচডি করেছেন। তার প্রশংসিত উপন্যাসগুলোর মধ্যে রয়েছে ‘এ গোল্ডেন এজ’ ও ‘দ্য গুড মুসলিম’।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ