গত ২৫ অক্টোবর ২০২৬ সংবাদমাধ্যম পত্রিকায় ‘খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে পদোন্নতির তালিকায় অধিকাংশ আ.লীগপন্থি’ শিরোনামের একটি অংশের প্রতিবাদ জানিয়েছেন প্রভাষক মো. আসাদুর রহমান।
তিনি দাবি করেছেন, সংবাদে নীল দলের সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে তাকে উল্লেখ করা হলেও তিনি নীল দলের প্রতিষ্ঠাকাল থেকে অদ্যাবধি কোনো কমিটিতে পদের দায়িত্বে ছিলেন না।
মো. আসাদুর রহমান শিক্ষক সমিতির সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ছিলেন। তবে ২০২২ সালে নীল দলের অর্থায়নে প্রকাশিত চেতনায় মুজিব ম্যাগাজিনে আসাদুর রহমানের ছবি প্রকাশিত হয়েছিল। একই বছর নীল দলের আয়োজিত বিবিকিউ পার্টি অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন। এমনকি ৩নং নভেম্বর খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জেল হত্যা দিবসে শেখ মুজিবের শ্রদ্ধাঞ্জলি অর্পণে তিনি উপস্থিত ছিলেন। এমনকি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) প্রতিষ্ঠাবার্ষিকীর প্রোগ্রামে তিনি উপস্থিত ছিলেন। এছাড়া গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবের মাজার জিয়ারতের প্রোগ্রামে তিনি গিয়েছিলেন। ২০২২-২৩ অর্থবছরে নীল দলের কার্যকরী কমিটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শেখ মুজিবের ছবিতে ফুলেল শুভেচ্ছা অর্পণে তিনি উপস্থিত ছিলেন। এদিকে ২০২১ সালে তসলিম-হান্নান গ্রুপের শিক্ষক সমিতির উদ্যোগে ১৫ই আগস্ট সম্পর্কিত বিবৃতিতে মো. আসাদুর রহমানের নাম উল্লেখ ছিল। তবে ওই প্রভাষকের কর্মজীবনে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) রাজনীতির সঙ্গে সম্পৃক্ত একাধিক অনুষ্ঠানে তার উপস্থিতি প্রমাণ করে তিনি আওয়ামীপন্থি শিক্ষক হিসেবে ক্যাম্পাসে পরিচিত মুখ।



