শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
১৬ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

ডিজে পার্টি আয়োজন: অতিরিক্ত ডিআইজি জহির সাময়িক বরখাস্ত

ডিজে পার্টি আয়োজন: অতিরিক্ত ডিআইজি জহির সাময়িক বরখাস্ত...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১০:০৬ পিএমসর্বশেষ: ৩১ অক্টোবর ২০২৬, ১০:০৬ পিএম
ডিজে পার্টি আয়োজন: অতিরিক্ত ডিআইজি জহির সাময়িক বরখাস্ত

রাজধানীর পূর্বাচলে পুলিশ হাউজিং আবাসিক এলাকায় নিজ বাসভবনে ডিজে পার্টি আয়োজন এবং তাতে অভিযানে মাদক উদ্ধার ও ৮৫ জনকে আটকের ঘটনায় পুলিশের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এই সময়ে তাকে রাঙ্গামাটির বেতবুনিয়ায় অবস্থিত পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলে (পিএসটিএস) সংযুক্ত করা হয়েছে।

আজ শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরীর সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২(১) বিধি অনুযায়ী, মন্ত্রণালয় ২৫ অক্টোবর থেকে আব্দুল্লাহ আল জহিরকে সাময়িকভাবে বরখাস্তের আদেশ দিয়েছে। এই সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

এতে বলা হয়, গত ১৯ অক্টোবর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল তার বাসভবনে অভিযান চালায়। অভিযানের সময় ওই বাড়িতে অবৈধ মাদক সেবন এবং ডিজে পার্টি চলছিল বলে ডিবির পক্ষ থেকে জানানো হয়।

প্রায় তিন ঘণ্টাব্যাপী চলা ওই অভিযানে ডিবি কর্মকর্তারা একটি ইয়াবা, সামান্য পরিমাণ ‘কুশ’, চার বোতল মদ এবং ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করেন।

জব্দ করা মদের মধ্যে ছিল—একটি খালি ৭৫০ মিলিলিটারের দেশি কেরুস হুইস্কির বোতল, অর্ধেক ভর্তি এক লিটারের ভারতীয় হুইস্কির বোতল, এক-চতুর্থাংশ ভরা এক লিটারের ভদকার বোতল এবং আরও এক লিটারের একটি ভারতীয় হুইস্কির বোতল।

ওই দিনই ডিএমপির উত্তরা বিভাগের বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান ভ্রাম্যমাণ আদালতে আটক ৮৫ জনকে সাজা দেন। এর মধ্যে ৫৯ পুরুষকে এক মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়। ২৬ নারীকে ১৫ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, এই ঘটনা পুলিশ বাহিনীর প্রতি জনমনে নেতিবাচক ধারণা তৈরি করেছে এবং বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড শিষ্টাচারবহির্ভূত, অদক্ষতামূলক এবং বিভাগীয় নিয়ম-শৃঙ্খলার পরিপন্থী।

আদালত সূত্রে জানা গেছে, গত ২৫ অক্টোবর থেকে এ পর্যন্ত ঢাকা আদালত থেকে ১২ জন নারীসহ মোট ২১ জন জামিন পেয়েছেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ