রাজধানীর প্রগতি সরণিতে (কুড়িল এলাকা) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের (নিষিদ্ধ ছাত্রলীগ) নেতাকর্মীরা ঝটিকা মিছিল করে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে মোটরসাইকেল ও ফেস্টুন ফেলে পালিয়ে যান মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা। পরে ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের দুটি খোসা, একটি মোটরসাইকেল ও ফেস্টুন জব্দ করে পুলিশ।
রোববার (১ নভেম্বর) সকাল ৭টার দিকে কুড়িল বড়বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কার্যক্রম নিষিদ্ধ ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের শতাধিক নেতাকর্মীকে মিছিলে অংশ নিতে দেখা যায়। ভিডিওতে তাদের স্লোগান দিতেও শোনা যায়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, বাড্ডার দিক থেকে কুড়িলের দিকে যাওয়ার পথে প্রগতি সরণির ওই এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি মোটরসাইকেল ও ফেস্টুন ফেলে দ্রুত সরে যান তারা।
ভাটারা থানার ওসি মাজহারুল ইসলামসংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের দুটি খোসা, একটি ফেস্টুন ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।



