মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুল্লাহ বলেন, যুবসমাজই দেশের উন্নয়ন ও অগ্রগতির প্রধান চালিকাশক্তি। তরুণদের দক্ষতা, মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগাতে পারলে বাংলাদেশকে একটি সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব। যুবকদের চাকরির পেছনে না ছুটে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার প্রতি আগ্রহী হতে হবে।
তিনি বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধমুক্ত রেখে দেশপ্রেম, সততা ও কর্মদক্ষতার মাধ্যমে দেশের উন্নয়নে সম্পৃক্ত করতে হবে। একটি দক্ষ ও কর্মমুখী যুবসমাজই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে।
রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মো. আব্দুল্লাহ এসব কথা বলেন।
“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদিখানে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। এতে বর্ণাঢ্য যুব র্যালি, আলোচনা সভা, যুবঋণের চেক বিতরণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান।
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শিব্বির আহমেদ, সিরাজদিখান থানার অফিসার্স ইনচার্জ মো. আলাউদ্দিন, উপজেলা প্রকৌশলী মো. আসিফ উল্লাহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নার্গিস আক্তার।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের বেকারত্ব দূরীকরণ, দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক উন্নয়নে যুবসমাজের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। এজন্য যুবকদের প্রশিক্ষণ, ঋণসহায়তা ও আত্মকর্মসংস্থানের সুযোগ আরও সম্প্রসারণ করতে হবে।
অনুষ্ঠানে যুবকদের মাঝে যুবঋণের চেক বিতরণ করা হয়। পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।



