রবিবার, ১ নভেম্বর, ২০২৬
১৬ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

লালপুরে এইচএসসির ফল বিপর্যয়, পাশশূন্য ৪ প্রতিষ্ঠানে

লালপুরে এইচএসসির ফল বিপর্যয়, পাশশূন্য ৪ প্রতিষ্ঠানে...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ৯:১৯ পিএমসর্বশেষ: ১ নভেম্বর ২০২৬, ৯:১৯ পিএম
লালপুরে এইচএসসির ফল বিপর্যয়, পাশশূন্য ৪ প্রতিষ্ঠানে

নাটোরের লালপুর উপজেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই কৃতকার্য হতে পারেনি। প্রতিষ্ঠানগুলো হলো—রাধাকান্তপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, মাঝগ্রাম উচ্চ বিদ্যালয় ও কলেজ, নেংগোপাড়া দারুস সুন্নত আলিম মাদ্রাসা এবং রায়পুর জাফরিয়া আলিম মাদ্রাসা।

লালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে রাধাকান্তপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ৪ জন এবং মাঝগ্রাম উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ৩ জন শিক্ষার্থী উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নিলেও কেউ উত্তীর্ণ হতে পারেনি।

অপরদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে নেংগোপাড়া দারুস সুন্নত আলিম মাদ্রাসা থেকে অংশ নেওয়া ১ জন এবং রায়পুর জাফরিয়া আলিম মাদ্রাসা থেকে অংশ নেওয়া ৬ জন শিক্ষার্থীর কেউই পরীক্ষায় কৃতকার্য হতে পারেনি।

এ বিষয়ে নেংগোপাড়া দারুস সুন্নত আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোজাম্মেল হক বলেন, ২০০০ সালে প্রতিষ্ঠানটির শুরু হয়ে ২৬ বছর ধরে এমপিও না পাওয়ার কারণে কোনো ছাত্র-ছাত্রী ভর্তি হতে চায় না। নিয়োগকৃত পাঁচজন স্টাফ রয়েছেন। বেতন না হওয়ায় তারা মানবেতর জীবনযাপন করছেন, যার ফলে তারা নিয়মিত প্রতিষ্ঠানে আসেন না। এ কারণে ফল বিপর্যয় হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, এ বছর লালপুর উপজেলায় কলেজ শাখা থেকে মোট ১ হাজার ৫৮৮ জন শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে ৫০৪ জন কৃতকার্য হয়েছে এবং জিপিএ-৫ পেয়েছে ৯ জন। অকৃতকার্য হয়েছে ১ হাজার ৮৪ জন শিক্ষার্থী। পাশের হার ৩১.৭৪ শতাংশ।

অন্যদিকে মাদ্রাসা শাখা থেকে ৬৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ২৫ জন কৃতকার্য হয়েছে। এ শাখায় কোনো শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করতে পারেনি। অকৃতকার্য হয়েছে ৩৮ জন। পাশের হার ৩৯.৬৯ শতাংশ।

কারিগরি শাখায় ৩৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে ৯৮ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ জন শিক্ষার্থী। অকৃতকার্য হয়েছে ২৪৬ জন। পাসের হার ২৮.৪৯ শতাংশ।

এ বিষয়ে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মো. মেশকাতুল ইসলাম বলেন, উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলে উপজেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী উত্তীর্ণ না হওয়ায় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ফলাফল নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। বিধি অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ