সোমবার, ২ নভেম্বর, ২০২৬
১৭ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

খেলাধুলা

‘ইংল্যান্ড’ নামটা দেখতে পেয়েই জ্বলে উঠলেন মেসি

‘ইংল্যান্ড’ নামটা দেখতে পেয়েই জ্বলে উঠলেন মেসি...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, ১০:২১ এএমসর্বশেষ: ২ নভেম্বর ২০২৬, ১০:২১ এএম
‘ইংল্যান্ড’ নামটা দেখতে পেয়েই জ্বলে উঠলেন মেসি

‘ইংল্যান্ড’ নামটা যেন প্রত্যেক আর্জেন্টাইনকেই তাঁতিয়ে দেয়। তবে লিওনেল মেসিকে যেন একটু বেশিই দেয়। নাহলে বলুন ইংল্যান্ড নামটা দেখলে, কিংবা ইংলিশ দলকে সামনে পেলেই কেন জ্বলে ওঠেন তিনি?

গেল বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে তার জোড়া অ্যাসিস্ট করে দলকে জেতানোর স্মৃতি এখনও বেশ সতেজ। সে ম্যাচের প্রায় সাড়ে ৩ মাস পর আজ তার প্রতিপক্ষ ছিল নিউ ‘ইংল্যান্ড’ রেভলিউশন। পরিস্থিতিটাও একই রকম ছিল, গোল হজম করে তার দল পিছিয়ে পড়েছিল। এমন পরিস্থিতিতে মেসি গোল করালেন একটি। পরে আরও একটি গোল করলেন, সেটাও আবার ৩ জনকে কাটিয়ে। তাতেই তার দল ইন্টার মিয়ামি পেয়ে গেল ২-১ গোলের গুরুত্বপূর্ণ এক জয়।

ম্যাচের ৫৩ মিনিটে ড্যানিয়েল গাজডাগ গোল করে বসেন, ০-১ গোলে পিছিয়ে পড়ে মিয়ামি। তবে সেটা মিয়ামির জন্য শাপে বর হলো যেন। ৬৫ মিনিটে মেসির শট ঝাঁপিয়ে পড়ে সেভ করেন টার্নার। তার চার মিনিট পরই সমতা আসে। সেগোভিয়া বক্সে একটি লম্বা পাস বাড়ান। মেসি সে বলটা হেড করে বাড়িয়ে দেন মাঝে থাকা এতে বের্তেরামের কাছে। তিনি জোরালো নিচু শটে বল জড়ান জালে।

৮৩ মিনিটে নিজের জয়সূচক গোলের কারিগর ছিলেন মেসি নিজেই। গোল থেকে প্রায় ৩০ গজ দূরে একটি লুজ বল পেয়ে যান। এরপর নিউ ইংল্যান্ডের ৩ জন ডিফেন্ডারকে কাটিয়ে এগিয়ে বল বাড়ান সেগোভিয়াকে, তিনি বলটা আবার ফেরত দেন মেসিকে। সেখান থেকে বক্সে ঢুকেই বলটা জড়ান জালে।

৮৭ মিনিটে নিউ ইংল্যান্ড আরও একবার বল জালে জড়িয়েছিল। একটি আত্মঘাতী গোলে সমতা এসেছিল। কিন্তু ভিডিও রিভিউয়ের পর রেফারি সের্হি বোইকো সেটি বাতিল করেন। তিনি লুকা লাঙ্গোনিকে অফসাইড ঘোষণা করেন। ফলে জয় নিয়েই মাঠ ছাড়ে মিয়ামি।

চ্যাম্পিয়ন্স লিগে ইংলিশ দলগুলোর বিপক্ষে সবচেয়ে বেশি গোলের রেকর্ড মেসির। বিশ্বকাপে ইংল্যান্ডকে পেয়েই জ্বলে উঠেছিলেন। মেজর লিগ সকারের নিউ ‘ইংল্যান্ড’ও অনেক দিন ধরেই ঝাঁঝটা টের পাচ্ছে। দলটির বিপক্ষে ৮ গোলের পাশাপাশি ৬টি অ্যাসিস্ট করেছেন। মেজর লিগ সকারে তার প্রিয় প্রতিপক্ষের অন্যতম এই নিউ ইংল্যান্ড রেভলিউশন। সে দলটার বিপক্ষে আজও জ্বলে উঠে দলকে গুরুত্বপূর্ণ এক জয় পাইয়ে দিলেন মেসি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ